আবারও হতে পারে আইসিএল!
ললিত মোদি যখন টুইটারে একটার পর একটা বোমা ফাটাচ্ছেন, হিমাংশু মোদি তখনই বললেন কথাটা—আবারও হতে পারে আইসিএল!আইসিএল-সংক্রান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কিছু তথ্য ললিত মোদি টুইটারে ফাঁস করে দেওয়ার পরই হিমাংশুর এই প্রতিক্রিয়া। এক টুইটে ললিত বলেছেন, ‘ইন্ডিয়ান ক্রিকেট লিগকে ধ্বংস করে দেওয়ার পণ করেছিল বিসিসিআই।’ বিদ্রোহী ক্রিকেট লিগ আইসিএলের আয়োজক জি স্পোর্টসের ব্যবসাপ্রধান হিমাংশু এই কথারই প্রতিক্রিয়ায় টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘বিষয়টা এখন আদালতে আছে। বিসিসিআই আমাদের লিগটাকে ধ্বংস করে দিতে কী রকম ছক কষেছিল, ললিত মোদির কাছ থেকে সে রকম আরও কিছু বিষয় শোনার অপেক্ষায় আছি আমরা।’ হিমাংশুর বিশ্বাস, এ রকম আরও তথ্যপ্রমাণ বেরিয়ে এলে আইসিএল নিয়ে বিসিসিআইর বিরুদ্ধে তাদের মামলাটা জোরালো হয়। ‘ললিত মোদির বলা অনেক কিছু আমরাও জানতাম না। যদি সবকিছু ঠিকঠাকভাবে হয়, আমরা হয়তো আবার লিগ শুরু করব’—বলেছেন তিনি।গত পরশু একটার পর একটা টুইট করে আইসিএলের বিরুদ্ধে বিসিসিআইর কিছু ‘ষড়যন্ত্রের’ কথা ফাঁস করেছেন ললিত মোদি। তাঁর দাবি, আইসিএলে খেললেই বহিষ্কার—বিসিসিআইর এমন নীতির বিরোধিতা করেছিল ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বোর্ড। কারণ বহিষ্কার করা হলে জাতীয় দলে আর তাঁদের পাওয়া যাবে না। কিন্তু বিসিসিআই শেষ পর্যন্ত এই চার বোর্ডকে বাধ্য করে তাদের নীতি অবলম্বন করতে।ললিত মোদির এমন অবস্থানের পর আইসিএলের নির্বাহী বোর্ডের প্রধান কপিল দেবও টুর্নামেন্টটি নিয়ে আবার আশায় বুক বাঁধছেন, ‘আমাদের সামনে তাকাতে হবে, ভাবতে হবে কীভাবে বর্তমান পরিস্থিতিটাকে ক্রিকেটের স্বার্থে কাজে লাগানো যায়। আইসিএল যদি আবার শুরু করা যায়, সবকিছু নতুন করে করতে আমার খারাপ লাগবে না।’ এএফপি।বিদ্রোহী ক্রিকেট লিগ আইসিএল সত্যি সত্যি আবার মাঠে নামাতে পারলে একটা সমস্যায় পড়তে হতে পারে কপিল-হিমাংশুদের। আগের অনেক পাওনা টাকাই যে তাঁরা এখনো দেননি আইসিএলে খেলা ক্রিকেটারদের! কেবল লাহোর বাদশা নামে পাকিস্তানের দলটারই বকেয়া প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলার।