আবারও হরভজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের আরেকটি দিন—খেলা শেষের ঘণ্টা দেড়েক আগেও এই ছিল পুরো দিনের সারসংক্ষেপ। কিন্তু হরভজন সিংকে যে রান করার নেশায় পেয়ে বসেছে! আট নম্বরে নেমে আবারও ম্যাচের চেহারা বদলে দিলেন ‘ভাজ্জি’। সর্দারের ব্যাট আরও একবার তরবারি হয়ে কচুকাটা করল কিউই বোলারদের। একসময় লিড পাওয়া নিয়েই যারা ছিল সংশয়ে, সেই ভারতই দিন শেষে এগিয়ে ৮৬ রানে। ভারতে পা দেওয়ার আগে থেকেই কিউইরা জানত, এই সিরিজে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবেন হরভজন। এখন পর্যন্ত হয়েছেনও তাই। তবে যে ভূমিকায়, সেটা হয়তো কল্পনা করতে পারেননি হরভজন নিজেও। তিন ইনিংসে উইকেট পেয়েছেন মাত্র ৫টি, রানও বিলিয়েছেন বেশ উদার হাতে (১৮৮)। কিন্তু বোলিংয়ে দেওয়া রানগুলো সুদে আসলে তুলে নিয়েছেন ব্যাট হাতে। এখন পর্যন্ত সিরিজে তাঁর তিন ইনিংস ৬৯, ১১৫ ও ৮৫*, আর ১ রান করলে হয়ে যাবেন সিরিজের সর্বোচ্চ রানসংগ্রহকারী, ভাবা যায়!ঘরের মাঠে অভিষেক টেস্টে ৭৬ রান করে লক্ষ্মণ যখন আউট হলেন, ভারতের রান ৬ উইকেটে ৩২৬। এরপর ভারত যে ১১০ রান করেছে, তার ৮৫-ই এসেছে হরভজনের ব্যাট থেকে। যথেষ্ট কৃতিত্ব প্রাপ্য শ্রীশান্তেরও। শেষ স্বীকৃত ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি আউট হয়েছেন হরভজন উইকেটে যাওয়ার পরপরই। টিকতে পারেননি জহির-ওঝারাও। কিন্তু শ্রীশান্ত এসে ভরসা দিলেন হরভজনকে। সেই ভরসায় ভাজ্জি শট খেলে গেলেন ইচ্ছেমতো। টেস্ট ক্যারিয়ারে এর আগে কখনোই ইনিংসে ৩টির বেশি ছক্কা হাঁকাতে না-পারা ব্যাটসম্যান ঘণ্টাখানেকের মধ্যেই গ্যালারিতে বল ফেললেন পাঁচবার! অবিচ্ছিন্ন শেষ উইকেট জুটিতে রান এসেছে ৬৯, এর ৫৩-ই হরভজনের ব্যাট থেকে।অথচ এর আগে পুরো দিনটাই ছিল কিউইদের। দিনের প্রথম বলেই অল্পের জন্য রানআউট হওয়া থেকে বেঁচে যান শচীন টেন্ডুলকার। এতেই মনোযোগ নড়ে গিয়েছিল কি না, লিটল মাস্টারকে দেখে যেন মনে হচ্ছিল ড্রেসিংরুমে যাওয়ার বড্ড তাড়া তাঁর। উইকেট ছেড়ে এসে ভেট্টোরিকে হাঁকাতে গিয়ে ধরা পড়েন স্লিপে। মূল ব্যাটসম্যানদের মধ্যে লক্ষ্মণই শুধু ছিলেন স্বরূপে। ভেট্টোরির বলে ধোনি যখন ম্যাককালামকে ক্যাচ অনুশীলন করালেন, মনে হচ্ছিল লিডও পেতে পারে নিউজিল্যান্ড। তখনো কি কিউইরা জানত, কী অপেক্ষা করছে তাদের জন্য! তথ্যসূত্র: ওয়েবসাইট।