আবারও হার ইউনাইটেডের

ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের ইতিহাসে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে এভারটনের তুলনা চলে না। কিন্তু চলতি মৌসুমে দুই দলের তুলনা করলে ইউনাইটেড পিছিয়ে থাকবে কয়েক ধাপ। লিগের পয়েন্ট টেবিলও এভারটনের পক্ষে। তাদের অবস্থান পাঁচে আর ডেভিড ময়েসের দলের অবস্থান সাতে। এ মৌসুমে রেড ডেভিলদের যে ত্রাহি দশা, তাতে আজ এভারটনের বিপক্ষে ইউনাইটেডের ২-০ ব্যবধানে হারটাকে বড় কোনো ‘ঘটনা’ নাও মনে হতে পারে!
ঘরের মাঠে ইউনাইটেডকে ভালো নাকানি-চুবানি খাইয়েছে এভারটন। অবশ্য ম্যাচের স্কোরলাইন দেখে বোঝার উপায় নেই, ময়েসের দলের দখলেই কিনা ছিল ৬১ শতাংশ বল। ইউনাইটেডের কপাল পোড়ে ২৮ মিনিটে, যখন পেনাল্টি থেকে গোল করেন লেইটন বাইনস। প্রথমার্ধের কিছু আগে ৪৩ মিনিটে রেড ডেভিলদের চূড়ান্ত সর্বনাশ করেন এভারটনের কেভিন মিরালাস। এরপর আর কোমর সোজা করে দাঁড়াতে পারেনি ইউনাইটেড। ২-০ ব্যবধানে হেরে আরও একবার নতবদনে মাঠ ছাড়তে হয় রুনিদের।