আবারও হার ফেদেরারের
২ নভেম্বর প্যারিস মাস্টার্সের সেমিফাইনালে মুখোমুখি সাক্ষাতে হেরেছেন। তিন দিনের মধ্যে পরশু নোভাক জোকোভিচের কাছে আবারও হারলেন রজার ফেদেরার। এই হার লন্ডনের মৌসুম শেষের টুর্নামেন্ট এটিপি ট্যুর ফাইনালসে। ২০০৯ সালে টুর্নামেন্টটি লন্ডনে স্থানান্তরিত হওয়ার পর এই প্রথম প্রথম রাউন্ডে হারলেন ফেদেরার।
অন্যদিকে গত বছর ফাইনালে এই ফেদেরারকে হারিয়েই শিরোপা জিতেছিলেন জোকোভিচ। এবার শিরোপা ধরে রাখার মিশনটাও সার্বিয়ান তারকা শুরু করলেন সেই ফেদেরারকে হারিয়ে। জয় ৬-৪, ৬-৭ (৭-২), ৬-২ গেমে। অথচ জোকোভিচকে কোর্টে নামতে হয়েছিল প্যারিসের ফাইনালে ডেভিড ফেরারকে হারানোর ৪৮ ঘণ্টা পরই। টানা ১৮তম জয়ের পর জোকোভিচই বলেছেন, ‘শারীরিকভাবে এটা ছিল বড় একটা চ্যালেঞ্জ। মাত্র ৪৮ ঘণ্টা আগে আমি প্যারিসে খেলেছি। কাজেই ভালো খেলতে পারা এবং ফেদেরারকে হারানোটা অবিশ্বাস্য।’
২০১৩ সালটি ফেদেরারের কতটা বাজে গেল একটা তথ্যেই সেটা স্পষ্ট—পুরো বছরে র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ খেলোয়াড়দের বিপক্ষে জয় মাত্র দুটি! অবশ্য এই হারের পরও গ্রুপের বাকি দুই ম্যাচে জিততে পারলে ফেদেরারের সুযোগ থাকবে সেমিফাইনালে ওঠার। র্যাঙ্কিংয়ের শীর্ষ আট খেলোয়াড়ের টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করেছেন রাফায়েল নাদালও। স্বদেশি ডেভিড ফেরারকে হারিয়েছেন ৬-৩, ৬-২ গেমে। কাল রাতে স্তানিসলাস ভাভরিঙ্কাকে ৭-৬ (৭/৫), ৭-৬ (৮/৬) গেমে হারিয়ে নাদাল নিশ্চিত করেছেন র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করার বিষয়টিও। ওয়েবসাইট।