বাংলাদেশ লিগের পয়েন্ট তালিকাটা দেখলে মোহামেডানের সমর্থকেরা এখন শিউরে উঠবেন। ১১ দলের মধ্যে সাদা-কালোরা ১০ নম্বরে! কাল ফেনীতে ফেনী সকারের কাছে ২-১ গোলে হারল মোহামেডান। আরও খাদের মধ্যে পড়ে গেল এমেকার দল।৭ ম্যাচ খেলে মোহামেডানের পয়েন্ট মাত্র ৬। জয় মাত্র একটি। তিনটি করে ড্র ও হার। মোহামেডানের নিচে আছে শুধু ছয় ম্যাচে ৫ পয়েন্ট পাওয়া রহমতগঞ্জ। পরের ম্যাচটা রহমতগঞ্জ জিতলে মোহামেডান চলে যাবে পয়েন্ট তালিকার তলানিতে। অবস্থার উন্নতি না হলে অবনমন অঞ্চলেই হয়তো বা ঘোরাফেরা করতে হবে ঐতিহ্যবাহী মোহামেডানকে!স্বাধীনতা দিবস হকিতে চ্যাম্পিয়ন মোহামেডান দলকে কাল সংবর্ধনা দেওয়া হয়েছে ক্লাবের সভাপতি ওবায়দুল করিমের অফিসে। সেই আনন্দকে সন্ধ্যায় বিষাদময় করে তুলেছে ফুটবল দল। বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার আগেই ফুটবল দলটা গড়া হয়েছে। তবে এই কমিটি ভালো বিদেশি খেলোয়াড় এনে ঘাটতি পূরণ করার প্রতিশ্রুতি দিলেও সেটি হয়নি। মোহামেডানের বিদেশিরা খুবই সাধারণ মানের।তবে এই বিদেশিদেরই একজন যোসেফ পিছিয়ে পড়া মোহামেডানকে কাল ম্যাচে ফিরিয়েছিলেন। আমাদের ফেনী প্রতিনিধি জানিয়েছেন, ৩১ মিনিটে ইকবালের গোলে ফেনী সকার এগিয়ে যাওয়ার পর ৪৭ মিনিটে যোসেফ গোলটা শোধ করে দেন। এই স্কোরলাইনটা ধরে রাখতে পারলে অন্তত একটা মূল্যবান পয়েন্ট মিলত। কিন্তু ৫৯ মিনিটে রোলান্ড তিরবিদ্ধ করেন মোহামেডানকে। তাঁর জয়সূচক গোল সকারকে লিগে এনে দিয়েছে দ্বিতীয় জয়। সর্বশেষ দুই ম্যাচে জয় পেয়ে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নিজেদের অবস্থান ‘উন্নত’ করতে পেরেছে ফেনীর দলটি। এর আগে ঢাকায় অন্য বড় দলগুলোও ফেনীর মাঠে গিয়ে পয়েন্ট হারিয়ে এসেছে।গতবার মোহামেডান তবু ষষ্ঠ হয়েছিল। এবার কোথায় দাঁড়ায়, কে জানে! তবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় অধিনায়ক হাসান আল মামুনের মুখে। ‘আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। এ ছাড়া উপায় নেই। আমরা দুটি গোলই খেয়েছি হাফ চান্স থেকে। মাঝমাঠের নিয়ন্ত্রণটা সকারের হাতেই বেশি ছিল। ১-১ হওয়ার পর দ্বিতীয় গোলটা খেয়েই আসলে ম্যাচ থেকে ছিটকে যাই। আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারছি না। এটাই বড় সমস্যা।’ ফেনী থেকে মুঠোফোনে বললেন মামুন।ব্রাদার্সকে হারিয়ে এবারের লিগে শুরুটা ভালোই করেছিল মোহামেডান। তারপর আবাহনীর সঙ্গে ড্র। শেখ রাসেলের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে মুক্তিযোদ্ধার সঙ্গে ড্র। শেখ জামালের কাছে ২-১ গোলে হেরে বিজেএমসির সঙ্গে ড্র।কাল হারের পর মোহামেডানের সবারই মন খারাপ। এমনিতে বাকপটু এমেকা কথার তুবড়ি ছোটান। কাল তাঁর কণ্ঠও স্তব্ধ! ফোনে ধরা হলে একটা কথাই বারবার বলে গেলেন, ‘এখন আমি কিছু বলতে পারব না।’