আবারও হারল রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূপাতিত রোনালদো। পরশু সেভিয়ার সঙ্গে রিয়াল মাদ্রিদেরও হয়েছে একই দশা  ।  এএফপি
ভূপাতিত রোনালদো। পরশু সেভিয়ার সঙ্গে রিয়াল মাদ্রিদেরও হয়েছে একই দশা । এএফপি

এবারের লা লিগা চমক উপহার দিয়েই চলেছে। যে রিয়াল মাদ্রিদকে মনে হচ্ছিল তরতর করে শিরোপার দিকে এগোচ্ছে, তারাই হেরে বসল টানা দুই ম্যাচে। যে বার্সেলোনা পাঁচ দিন আগেও শিরোপা সম্ভাবনা থেকে অনেক দূরে সরে গিয়েছিল, তাদের পাশে আবার সম্ভাবনার আলো; ১ পয়েন্টের ব্যবধানে তারা দুইয়ে। আর এই মৌসুমের চমক অ্যাটলেটিকো মাদ্রিদ তো সবার ওপরেই। সপ্তাহ খানেকের মধ্যে এমন নাটকীয় পালাবদল, সামনের আট সপ্তাহে যে কী অপেক্ষা করছে!
২০০৮-০৯ মৌসুমের পর এই সপ্তাহের আগ পর্যন্ত কখনো টানা দুই ম্যাচ হারেনি রিয়াল মাদ্রিদ। পরশু সেভিয়ার কাছে ২-১ গোলে হেরে কার্লো আনচেলত্তি দেখলেন দল এখন বার্সার (৭২) চেয়ে ২ পয়েন্ট পেছনে, অ্যাটলেটিকোর (৭৩) চেয়ে ৩। তার মানে বাকি সব ম্যাচ নিজেরা জিতলেই শুধু হবে না, বার্সা-অ্যাটলেটিকোর অমঙ্গলও কামনা করতে হবে। আনচেলত্তি তার পরও আশাবাদী, ‘আমাদের বিশ্বাস রাখতে হবে এখনো আমরা এটা জিততে পারি।’
অথচ রোনালদোর ফ্রি-কিক যখন সেভিয়ার জালে ঢুকে যায়, তখন রিয়ালই জয় দেখছিল। প্রতি-আক্রমণ থেকে দুর্দান্ত দুটি গোল করে কলম্বিয়ান স্ট্রাইকার কার্লোস বাকাই শেষে হারিয়ে দিলেন রিয়ালকে।
এর আগে সেল্টা ভিগোকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের কাজটা সেরে রাখে বার্সেলোনা। মেসি-নেইমারের যুগলবন্দীতে বিরতির আগেই ২ গোলে এগিয়ে যায় বার্সা। তবে রাতে আসল জয়ী কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদই। ফর্মের তুঙ্গে থাকা ডিয়েগো কস্তার গোলে (১-০) গ্রানাডাকে হারিয়ে ভাগ্যকে নিয়ে তুলেছে তারা নিজেদের হাতেই। তবে অ্যাটলেটিকোর আসল পরীক্ষা ন্যু কাম্পে শেষ ম্যাচে, বার্সেলোনার বিপক্ষে! এএফপি।