আবারও হুমকি বালোতেল্লির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগেও একবার এই হুমকি দিয়েছিলেন মারিও বালোতেল্লি। গত বছর ইউরো চলার সময়ই বলেছিলেন, তাঁর সঙ্গে কেউ বর্ণবাদী আচরণ করলে সোজা মাঠ থেকে বেরিয়ে যাবেন। ইউরোতে তাঁকে মাঠ ছাড়তে হয়নি। তবে বছর না ঘুরতেই এসি মিলানের ইতালিয়ান তারকার মুখে উচ্চারিত হলো হুমকিটা। পরশু তাঁকে আবার বলতে শোনা গেল, দর্শকদের দিক থেকে বর্ণবাদী আচরণের শিকার হলে এক মুহূর্ত দেরি না করে মাঠ ছাড়বেন।

বালোতেল্লিকে খেপিয়েছে গত রোববার মিলান-রোমা ম্যাচের দর্শক আচরণ। গোলশূন্য ড্র হওয়া ম্যাচটি একবার দুই মিনিটের জন্য থামাতেও হয়েছে। ম্যাচটা সান সিরোতে হলেও ঝামেলা করেছিল রোমার সমর্থকেরা। ম্যাচ থামিয়ে মাইকে সতর্ক করা হয়েছিল দর্শকদের। পরে ৫০ হাজার ইউরো জরিমানা করা হয় রোমাকে।

ওই ম্যাচেই নাকি বেরিয়ে যেতে চেয়েছিলেন বালোতেল্লি। পরশু সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইতালির কৃষ্ণাঙ্গ স্ট্রাইকার বলেছেন, ‘রোববার আমি মাঠ ছেড়ে প্রায় বেরিয়েই গিয়েছিলাম। কিন্তু তখন তারা হয়তো ভাবতে পারত দল খারাপ করছিল বলেই আমি বেরিয়ে যাচ্ছি। এ জন্যই আমি সেদিন বেরিয়ে যাইনি।’ রয়টার্স।