আবারও হুমকির মুখে জুলকারনাইন
সদ্যই সব ঝামেলা চুকিয়ে দেশে ফেরার কথা চিন্তা করছিলেন জুলকারনাইন হায়দার। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ২৪ এপ্রিল পাকিস্তানে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু আবারও হুমকির মুখে পড়েছেন পাকিস্তানি এই উইকেটরক্ষক। পাকিস্তান থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি তাঁকে দেশে না ফেরার হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।জুলকারনাইন আজ বৃহস্পতিবার পাকিস্তানের জিও টিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘আমাকে বলা হয়েছে, তোমাকে নিষেধ করা সত্ত্বেও তুমি দেশে ফিরছ। এর পরিণতির জন্য তুমিই দায়ী থাকবে।’ রহস্যময় এই ফোন কলের ব্যাপারে স্কটল্যান্ড ইয়ার্ডকেও অবহিত করেছেন তিনি। গত সপ্তাহেই তিনি ইংল্যান্ডে রাজনৈতিক আশ্রয় চাওয়ার আবেদন প্রত্যাহার করে নিয়েছেন।গত বছরের নভেম্বরে দুবাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলার সময় খুব রহস্যময়ভাবে ইংল্যান্ডে চলে গিয়েছিলেন জুলকারনাইন। পরে তিনি বলেছিলেন যে, বাজিকররা তাঁকে মৃত্যুর হুমকি দিয়েছিল। তখন থেকে তিনি লন্ডনেই অবস্থান করছেন। ডন অনলাইন।