আবারও হেরেছে অনূর্ধ্ব-১৯
জয়ের ধারা থেকে এবার হারের বৃত্তে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। পরশু অ্যালবিয়নে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের কাছে ষষ্ঠ ম্যাচেও হেরেছে বাংলাদেশের যুবারা। পঞ্চম ম্যাচে ৬৭ রানের হারের পর এবারের হারটা ৩৬ রানের। সাত ম্যাচের সিরিজে এখন ৩-৩ সমতা। আজ জর্জটাউনের বৌর্ডায় নিষ্পত্তি হবে সিরিজের।
পরশু টস জিতে ব্যাটিং নিয়ে ৫০ ওভারে ৮ উইকেটে ২৪০ রান করে ক্যারিবীয় তরুণেরা। সর্বোচ্চ ৬৫ রান করেন ১৬ বছর বয়সী শিমরন হেটমায়ার। এ ছাড়া ৩৮ বলে ঠিক ৫০ রান করে অপরাজিত ছিলেন সাত নম্বর ব্যাটসম্যান ফ্যাবিয়ান অ্যালেন। আগের ম্যাচে ৪ উইকেট নেওয়া বাংলাদেশের লেগ স্পিনার জুবায়ের এই ম্যাচে ৫৬ রানে নিয়েছেন ৩ উইকেট। ৬ ম্যাচে ১৪ উইকেট নিয়ে সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি এখন জামালপুরের এই তরুণ। ২৪১ রানের লক্ষ্যে ব্যাট করা বাংলাদেশ ৪৬.৪ ওভারেই অলআউট ২০৪ রানে। এক জয়রাজ ছাড়া বলার মতো রান পাননি আর কেউ। তিনে নেমে ১০৬ বলে ৭৮ রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।