আবারও হোঁচট খেল ব্রাজিল
বিশ্বকাপ এখন দৃষ্টিসীমায়। সামনের বছরই ঘরের মাঠে পর্দা উঠবে ফুটবল মহাযজ্ঞের। কিন্তু লুইস ফেলিপে স্কলারির ব্রাজিল এখনো হারিয়ে খুঁজছে নিজেদের। গত পরশু নিজেদের মাঠে প্রীতি ম্যাচে ব্রাজিল ২-২ গোলে ড্র করেছে চিলির সঙ্গে।দ্বিতীয় দফায় ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর থেকে স্কলারির সময়টা ভালো কাটছে না মোটেই। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে জয়টা হয়ে উঠেছে মহার্ঘ। পাঁচ ম্যাচে জয় মাত্র একটি, তিনটি ড্রয়ের পাশে তারা হারও দেখেছে একবার। নামতে নামতে ফিফা র্যাঙ্কিং দাঁড়িয়েছে ১৯-এ। স্বাগতিক বলে বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হচ্ছে না। প্রস্তুতি নিতে হচ্ছে প্রীতি ম্যাচ খেলে। কিন্তু প্রীতি ম্যাচে খুবই মলিন লাগছে ব্রাজিলকে। এ নিয়ে সমালোচনা ছিলই। পরশু ঘরের মাঠে চিলির সঙ্গে হোঁচট খাওয়ার পর সমর্থকেরা নিজেদের দলকে উচ্চ স্বরে দিল দুয়ো। ১৪ মে কনফেডারেশনস কাপের দল ঘোষণার আগে এটাই যে স্কলারির শেষ ম্যাচ।বিশ্বকাপের ১২টি ভেন্যুর অন্যতম বেলো হরিজেন্তের নতুন স্টেডিয়ামের যাত্রা শুরু হলো এই ম্যাচ দিয়েই। আগামী জুনে অনুষ্ঠেয় ফেডারেশনস কাপের ছয়টি ভেন্যুরও একটি এটি। স্টেডিয়ামে উপস্থিত ছিল ৫৩ হাজার দর্শক। কিন্তু তাদের কাছ থেকে পেতে হলো বিরূপ সংবর্ধনা। দলের পক্ষে দ্বিতীয় গোলটি করা নেইমার ম্যাচ শেষে তাই বনে গেলেন দার্শনিক, ‘এক দিন আপনি দুয়ো পাবেন, আরেক দিন প্রশংসা পাবেন। ফুটবল আসলে এমনই।’ এই ম্যাচে অবশ্য ঘরোয়া লিগের খেলোয়াড়দেরই শুধু পেয়েছেন স্কলারি। অনুশীলনের সুযোগও পাননি খুব একটা। অধিনায়কের বাহুবন্ধনী পরা রোনালদিনহোর ‘ঢাল’ হলো এটাই, ‘একবার অনুশীলন করা দল নিয়ে ভালো করা কঠিন। আমরা চেষ্টা করেছি কিন্তু সবাই জানত ব্যাপারটা সহজ নয়।’শুরুতে এগিয়ে গিয়েছিল চিলিই। ৮ মিনিটে করা মার্কোস গঞ্জালেজের গোলটা অবশ্য ব্রাজিল ডিফেন্ডার রেভার ফিরিয়ে দিয়েছিলেন ২৫ মিনিটে। ৫৪ মিনিটে নেইমারের গোলে জয় দেখতে পাচ্ছিল ব্রাজিলই। কিন্তু ৬৪ মিনিটে চিলির ভার্গাস সমতা এনে স্তব্ধ করে দেন স্বাগতিকদের। রয়টার্স, ওয়েবসাইট।