আবারও ৩-১ ব্যবধানে জিতল আর্সেনাল

আর্সেনালকে সত্যিই বদলে দিচ্ছেন মেসুত ওজিল। নিজে গোল না পেলেও গানারদের তিনটি গোলেরই নেপথ্যের কারিগর ছিলেন এই জার্মান মিডফিল্ডার। বল জালে পাঠিয়েছেন অ্যারন র্যামসি, মার্তেসাকার ও বাকারে সাগনা। আজ স্ট্রোক সিটির বিপক্ষে ৩-১ গোলের এই জয় দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের এবারের মৌসুমটা শুরু হয়েছিল অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-১ গোলের হার দিয়ে। তার পর থেকে যেন এই ব্যবধানটার প্রেমেই পড়ে গেছে গানাররা। পরের চারটি ম্যাচের তিনটিই আর্সেনাল জিতেছে এই ৩-১ ব্যবধানে। মাঝে শুধু টটেনহামকে তারা হারিয়েছে ১-০ গোলে।
আজ নিজেদের মাঠে খেলার শুরুতেই ওজিলের ফ্রি-কিক জাদু দেখার সুযোগ পায় আর্সেনালের সমর্থকেরা। ৪ মিনিটের মাথায় ওজিলের নেওয়া ফ্রি-কিকটা অবশ্য ঠেকিয়ে দিতে পেরেছিলেন স্ট্রোক সিটির গোলরক্ষক আসমির বেগোভিচ। কিন্তু ফিরতি বলে র্যামসির নেওয়া শটটা থামানোর মতো সামর্থ্য ছিল না তাঁর। প্রথমার্ধের ২৬ মিনিটের মাথায় এই গোল শোধ করে খেলায় সমতা ফেরান স্ট্রোক সিটির ডিফেন্ডার জিওফ ক্যামেরন। যদিও এই সমতা খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১০ মিনিট পরেই ওজিলের ক্রস থেকে হেড করে আর্সেনালকে এগিয়ে দেন মার্তেসাকার। দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে আবারও ওজিলের ফ্রি-কিক। এবার চমত্কারভাবে বাড়িয়ে দেওয়া বলটায় মাথা ছুঁইয়েছেন ফরাসি ডিফেন্ডার সাগনা।
শুধু এই গোলগুলোয় সহায়তাই না, প্রতিপক্ষের রক্ষণভাগে প্রায়শই আতঙ্ক ছড়াতে দেখা গেছে ওজিলকে। ৮০ মিনিটের মাথায় মাঠ ছাড়ার সময় পুরো স্টেডিয়ামই দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছে জার্মান এই মিডফিল্ডারকে।
শুধু এই গোলগুলোয় সহায়তাই না, প্রতিপক্ষের রক্ষণভাগে প্রায়শই আতঙ্ক ছড়াতে দেখা গেছে ওজিলকে। ৮০ মিনিটের মাথায় মাঠ ছাড়ার সময় পুরো স্টেডিয়ামই দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছে জার্মান এই মিডফিল্ডারকে।