আবারও ৫-০ দেখছেন পন্টিং
২০০৫ সালে দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ১৭ বছর পর অ্যাশেজ জিতেছিল ইংল্যান্ড। পরের বছরই অস্ট্রেলিয়ায় গিয়ে ‘হোয়াইটওয়াশ’ হয়েছিল ৮৬ বছর পর। গত বছর দেশের মাটিতে আবার অ্যাশেজ পুনরুদ্ধার করেছে ইংল্যান্ড। এবারও কি অস্ট্রেলিয়া প্রতিশোধ নেবে হোয়াইটওয়াশ করে? ওয়েবসাইট।দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স তেমন মনে করতে দিচ্ছে না। বরং ২৩ বছর পর অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ডের অ্যাশেজ জিতে ফেরার পক্ষেই বাজি ধরছে অনেকে। রিকি পন্টিং অবশ্যই এই দলে নেই। অস্ট্রেলীয় অধিনায়ক বরং বলেছেন, ‘৫-০ খুবই সম্ভব।’গত মাসে ইংল্যান্ডে পাকিস্তানের বিপক্ষে সিরিজ ড্র করতে হয়েছে অস্ট্রেলিয়াকে। সেই পাকিস্তানকেই প্রথম দুই টেস্টে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। তাহলে কি এই মুহূর্তে ইংল্যান্ডই একটু এগিয়ে? পন্টিং হেসেই উড়িয়ে দিচ্ছেন। উল্টো রক্তচক্ষু দেখাচ্ছেন স্ট্রাউসদের, ‘হোয়াইটওয়াশ খুবই সম্ভব। সবকিছুই আমাদের হাতে। নির্ভর করছে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে আমরা কতটা ভালো খেলি। অতীতের ভুল থেকে আমরা শিক্ষা নিয়েছি। কোনো সন্দেহ নেই, ইংল্যান্ডে গত সিরিজে আমরা কিছু ভুল করেছিলাম, যেজন্য আমাদের অ্যাশেজ খোয়াতে হয়েছে। তবে আমরা এখন আরও অভিজ্ঞ এবং সম্ভবত দল হিসেবে আরও ভালো।’খেলা হবে অস্ট্রেলিয়ায়, এটা আরও বেশি আত্মবিশ্বাস জোগাচ্ছে পন্টিংকে, ‘ভুল থেকে শিক্ষা তো নিয়েছিই, তার ওপর এবার খেলব আমাদের কন্ডিশনে। আশা করি, আমরা সিরিজ জিতব, জিতব সব ম্যাচই। ইংল্যান্ড দেশের মাটিতে এখন খুবই ভালো খেলছে, কিন্তু আমাদের এখানে কন্ডিশন পুরো আলাদা।’অ্যাশেজ শুরু হতে তিন মাসেরও বেশি বাকি। মাঝখানে ভারত সফরও আছে। অথচ এখনই অস্ট্রেলিয়ার সব চিন্তাভাবনা আবর্তিত হচ্ছে অ্যাশেজকে ঘিরে। অ্যাশেজ প্রস্তুতি নিয়ে গতকাল মেলবোর্নে আলোচনায় বসেছিল অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। তবে এর আগেই একটি পরিকল্পনা খোলাখুলিভাবে জানিয়ে দিয়েছেন অস্ট্রেলীয় অধিনায়ক। অক্টোবরে ভারতের বিপক্ষে সিরিজেই শুধু নয়, অ্যাশেজেও দলের মূল স্পিনার হতে যাচ্ছেন নাথান হরিজ।বছর দেড়েক ধরেই অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে দলে নিয়মিত হরিজ। পারফরম্যান্সও খুব খারাপ নয়। ২০০৪ সালে ভারতের বিপক্ষে মুম্বাইয়ে টেস্ট অভিষেকে ৫ উইকেট নেওয়ার পর বাদ পড়েছিলেন। ২০০৮ সালের নভেম্বরে ফেরার পর ১৪ টেস্টে নিয়েছেন ৫২ উইকেট। গত ডিসেম্বর-জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে তিন টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৮ উইকেটও নিয়েছেন এই অফ স্পিনার।প্রশ্নাতীতভাবে দলের এক নম্বর স্পিনার হয়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়াল পায়ের চোট। সেটিই ছিটকে দিয়েছে ইংল্যান্ডে পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে। সুযোগ পেয়ে তরুণ লেগ স্পিনার স্টিভেন স্মিথ ভালো করার পর হরিজকে বাদ দেওয়ার দাবিটা আবার শোনা গেছে অনেকের মুখে। তবে কাল পন্টিং জানালেন তাঁর ভরসা হরিজেই, ‘গত দুই সপ্তাহে হরিজের সঙ্গে আবার কয়েকবার কথা হয়েছে। ব্যথা ছাড়াই সে দৌড়াতে পারছে, এটা খুব ভালো লক্ষণ। গত সপ্তাহে বোলিংও শুরু করেছে। আমি মনে করি, দলে ওর জায়গা নিশ্চিত। এক-দেড় বছর ধরেই ও আমাদের এক নম্বর স্পিনার।’ভারত ও অস্ট্রেলিয়ার মূল দুই স্পিনারও হরিজের মতোই অফ স্পিনার। এই দুই সিরিজের আগে নিজের প্রস্তুতির জন্যও হরিজকে খুব গুরুত্বপূর্ণ ভাবছেন পন্টিং, ‘আগামী কয়েক সপ্তাহ ওর সঙ্গে আমি অনেক কাজ করব। নেটে ওর বোলিং অনেক খেলব, কারণ সামনের কয়েক মাসে হরভজন ও সোয়ানের বোলিং অনেক খেলতে হবে।’