আবারও ‘না’ ম্যারাডোনার
ডিয়েগো ম্যারাডোনাকে টলাতে পারে সাধ্য কার! আর তাই খোদ আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) চাপ থাকার পরও হুয়ান রোমান রিকেলমেকে দলে নেবেন না বলেই আবারও জানিয়ে দিলেন কোচ, ‘এটা শেষ হয়ে যাওয়া একটা অধ্যায়। আমি ওকে দলে ডেকেছিলাম (গত বছর মার্চে)। কিন্তু ও আসেনি। ওর খেলা আমারও ভালো লাগে। আশা করব, বোকা জুনিয়র্সের হয়ে ও আবার সেরা ফর্মে ফিরবে। বোকার এখন ওকে খুব দরকার।’কিন্তু রিকেলমেকে তো দরকার আর্জেন্টিনারও। লিওনেল মেসি যে ডানা মেলতে পারছেন না রিকেলমের অভাবেই। ম্যারাডোনার কোচিং পছন্দ হচ্ছে না বলে সমালোচনা করে ক্যারিয়ারে আরও একবার অবসর নিয়ে ফেলা এই মিডফিল্ডারকে আগামী বিশ্বকাপে দেখা যাওয়ার তেমন কোনো সম্ভাবনা দেখাই যাচ্ছে না। এএফএ চাপ দিলেও কোনো কাজ হবে না বলে জানিয়ে দিয়েছেন ম্যারাডোনা, ‘আমি কারও সামনে মাথা নোয়াব না। শুধু তাদেরই দলে নেওয়া হবে যারা ভালো ফর্মে আছে।’ ওয়েবসাইট।