আবারও 'বুড়ো' ইতোর গোল

হঠাৎ দেখলে মনে হবে বেতোরোগী। যন্ত্রণায় কুঁকড়ে গেছে মুখটা। কিন্তু গোল করার পরেই কী এমন হলো স্যামুয়েল ইতোর? কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে অমন বুড়োর মতো উদ্যাপন করছেন কেন? কোথাও ব্যথা-ট্যথা পেয়েছেন? চেলসি স্ট্রাইকার আসলে একটা ‘জবাব’ দিয়েছেন কোচ হোসে মরিনহোকে। ইতোর ওই গোলে শুরুর পর পরশু টটেনহামের জালে আরও ৩ গোল দিয়েছে চেলসি। শিরোপার বাতিঘরটা এখন অনেক বেশি উজ্জ্বল।
ঘটনার শুরু কদিন আগে। কথাচ্ছলেই একটি বাণিজ্যিক অনুষ্ঠানে মরিনহো বলে বসেছিলেন, ‘চেলসির সমস্যা হচ্ছে আমাদের স্ট্রাইকার নেই। ইতো আছে, কিন্তু ওর বয়স ৩২। কে জানে ৩৫-ও হতে পারে।’ ফুটেজটা আবার দেখিয়েও ফেলে ফ্রান্সের এক টিভি চ্যানেল।
এরপরই শুরু তোলপাড়। সরাসরি না হোক, ইতোর বিরুদ্ধে উঠে গেল বয়স ভাঁড়ানোর অভিযোগ। ক্যামেরুন স্ট্রাইকার নিজের ক্ষোভটা গোপন রাখতে পারেননি। পরশু গোল করে জানিয়ে দিয়েছেন, বয়স নিয়ে কোচের মন্তব্যটা গায়েই লেগেছিল তাঁর। সে জন্যই অমন বুড়োর মতো উদ্যাপন!
মরিনহো ব্যাপারটিতে মজাই পেয়েছেন, ‘এটা দারুণ ছিল। ও এ রকম কিছু করবে জানতাম, কারণ সে এ রকম কিছুর প্রস্তুতি নিচ্ছিল।’ অথচ ম্যাচটাই খেলার কথা ছিল না ইতোর। খেলা শুরুর ঠিক আগে কুঁচকিতে চোট পান ফার্নান্দো তোরেস। সুযোগটা ইতো কাজে লাগিয়েছেন মোক্ষমভাবেই।
চারটা গোলই আসলে চেলসির পাতে তুলে দিয়েছে টটেনহাম। দ্বিতীয়ার্ধে জাঁ ভার্তোনহেনের ভুল পাস থেকে গোল করেছেন ইতো। হ্যাজার্ডের পেনাল্টিটা ছিল কাবুলের ‘সৌজন্যে’। এরপর সান্দ্রো ও ওয়াকারের ভুলে ২ গোল করেছেন ডেম্বা বা।
এই জয়ে আর্সেনাল-লিভারপুলের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গেল চেলসি। ম্যানচেস্টার সিটির সঙ্গে পার্থক্য ৯ পয়েন্ট। সিটি অবশ্য তিন ম্যাচ কম খেলেছে। মরিনহো তার পরও শিরোপা নিয়ে সতর্ক, ‘সিটি বাকি ১২ ম্যাচ জিতলে ওরাই চ্যাম্পিয়ন। ওদের ভাগ্য ওদের হাতেই। আমিও ভাগ্যটা নিজেদের হাতে রাখতেই পছন্দ করতাম।’
চেলসি যখন দেখছে শিরোপাস্বপ্ন, তখন ম্যানচেস্টার ইউনাইটেড শীর্ষ চারে থাকতে পারলেই বর্তে যায়। আশাটা অবশ্য অনেক আগেই ক্ষীণ, পরশু ওয়েস্ট ব্রমকে ৩-০ গোলে হারিয়ে মিটমিটে প্রদীপটা জ্বালিয়ে রাখতে পারল ইউনাইটেড। সামনেই লিভারপুল-সিটি পরীক্ষা। পরশুর জয়ের পর ডেভিড ময়েস আশাবাদী, ‘বেশ কিছু কঠিন ম্যাচ আছে সামনে। আমরা সেগুলোর অপেক্ষায় আছি।’ এএফপি।