আবারও ‘শেষ দিনে’ রবিনহো
অমুক স্পেন ছেড়ে ইতালি পাড়ি জমাতে চলেছেন। নতুন ঠিকানা বানানোর কথা ভাবছে তমুক। গত একটা মাস এমন অনুমানভিত্তিক অনেক খবর দেখেছেন। দলবদল মানেই তো গুঞ্জন। মাসটা যে ছিল ইউরোপিয়ান ক্লাব ফুটবলে দলবদলের ‘জানালা’র মাস।আপাতত এই গুঞ্জন থেকে মুক্তি। পরশু শেষ হয়ে গেছে এই গ্রীষ্মের খেলোয়াড় বেচাকেনার হাট। আসছে শীতের দলবদলের আগপর্যন্ত এমন গুঞ্জন কানে আসবে না কারও। গুঞ্জনের অভাব না থাকলেও এবারের দলবদলের বাজারটা একটু নির্জীবই ছিল। গত গ্রীষ্মের মতো এবার আর কোনো ক্রিস্টিয়ানো রোনালদোর দেখা মেলেনি। হয়নি দলবদলের কোনো নতুন বিশ্ব রেকর্ডও।তবে ডেভিড ভিয়ার ভ্যালেন্সিয়া থেকে বার্সেলোনায় নাম লেখানো, জ্লাতান ইব্রাহিমোভিচের বার্সেলোনা থেকে এসি মিলানে যোগ দেওয়া, হাভিয়ের মাচেরানোর বার্সায় যাওয়া; এমন দু-একটি ঘটনা মাঝেমধ্যেই উত্তাপ ছড়িয়েছে। উত্তাপ ছিল পরশু বাজার বন্ধ হওয়ার দিনটিতেও। আর সেই উত্তাপ ছড়ানোর নায়ক যথারীতি রবিনহো।দুই বছর আগের এক গ্রীষ্মের দলবদলের বাজারের শেষ দিনে রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। সেই রবিনহো এসি মিলানে নাম লেখালেন ১৮ মিলিয়ন ইউরোতে। চুক্তিটা চার বছরের।ম্যান সিটিতে দুই বছর ছিলেন রবিনহো। শুরু থেকে শেষ, কখনোই নিজেকে সুখী ভাবতে পারেননি। এ বছরের একটা অংশ তো ধারে নিজের দেশের ক্লাব সান্তোসেই খেলেছেন। সেখান থেকে ফিরতে চাইছিলেন না। কিন্তু সান্তোসেরও সামর্থ্য ছিল না তাঁকে কেনার। বাধ্য হয়ে ফিরেছিলেন সিটিতে। সেই ফেরা স্থায়ী হলো মাত্র কয়েকটি দিন।তবে এসি মিলানে যোগ দিতে পেরে নিজেকে সুখী ভাবছেন রবিনহো, ‘আমি মিলানের সঙ্গে চুক্তি করতে পেরে খুব খুশি।’ বছর দুই আগে মিলানে তৈরি হয়েছিল ব্রাজিলিয়ান ত্রয়ী। একসঙ্গে খেলেছিলেন রোনালদো, রোনালদিনহো ও কাকা। এবার আরেকটা ব্রাজিলিয়ান ত্রয়ী পেল মিলান—রোনালদিনহো, রবিনহো ও পাতো। স্বদেশি সতীর্থদের নিয়ে মিলানকে অজেয় দলে পরিণত করে তুলতে চান রবিনহো, ‘গুরুত্বপূর্ণ প্রতিটি শিরোপা জয়ের কথা ভাবতে হবে আমাদের। আমার ব্রাজিলিয়ান সতীর্থদের সহযোগিতায় মিলানে ইতিহাস গড়তে পারব আমি।’জুভেন্টাসে গত ১০ বছরে অনেক ইতিহাসই গড়েছেন ডেভিড ত্রেজেগে। এবার জুভ-পর্ব শেষ করে জীবনে নতুন অধ্যায় রচনা করতে চলেছেন ফরাসি স্ট্রাইকার। জুভেন্টাস ছেড়ে নাম লিখিয়েছেন স্পেনের ক্লাব হারকিউলিসে। একটা ইচ্ছা পূরণই নাকি হলো ত্রেজেগের। তবে সংবাদমাধ্যমের খবর সহধর্মিণী বিয়াত্রিজের নিজের দেশে ফিরে যাওয়ার ইচ্ছাকে মূল্য দিতেই ত্রেজেগে স্পেনে পাড়ি জমিয়েছেন।দলবদলের শেষ দিনে দল বদল করেছেন ডাচ স্ট্রাইকার ক্লাস-ইয়ান হান্টেলার ও মিডফিল্ডার রাফায়েল ফন ডার ভার্ট এবং ঘানার আসামোয়া জিয়ান। হান্টেলার মিলান থেকে গেছেন জার্মানির ক্লাব শালকেতে, দলবদল বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে রিয়াল থেকে ফন ডার ভার্ট গেছেন টটেনহাম হটস্পারে। জিয়ান ঠিকানা করেছেন প্রিমিয়ার লিগের ক্লাব সান্ডারল্যান্ডকে।জিয়ান আর ফন ডার ভার্ট ইংল্যান্ডে যেতে পারেন, তবে এই গ্রীষ্মের দলবদলটা ঝিমানোই ছিল ইংল্যান্ডের ক্লাবগুলোর জন্য। এবার মাত্র ৩৫০ মিলিয়ন পাউন্ডই খরচ করেছে ইংল্যান্ডের ক্লাবগুলো। গতবারের চেয়ে যা প্রায় ১০০ মিলিয়ন পাউন্ড কম। আর এই খরচের এক-তৃতীয়াংশ করেছে ম্যান সিটি একাই। পুরো ব্যাপারটিকে ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড দেখছেন মন্দা হিসেবে। ‘মন্দার দলবদল’—আখ্যা দিয়েছেন তিনি। এএফপি, রয়টার্স।