আবারো চেলসির হার, আর্সেনাল-ম্যান সিটির ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম ফেভারিট হিসেবেই মৌসুম শুরু করেছিল চেলসি। শুরুটাও করেছিল দুর্দান্তভাবে। কিন্তু লিগের মাঝামাঝি এসে শিরোপা জয়ের স্বপ্ন তো অনেক দূরের কথা, সম্মান নিয়ে লিগ শেষ করাটাই কষ্টকর হয়ে পড়েছে চেলসির। গতকাল লিগের ২১তম ম্যাচে নিচের সারির দল উলভসের কাছে ১-০ গোলে হেরে আরো একবার তারা ব্যর্থতার বৃত্তেই আটকা পড়েছে। শেষ ১১ ম্যাচের পাঁচটিতে হেরে আর চারটিতে ড্র করে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে নেমে গেছে গতবারের শিরোপাজয়ীরা। গতকাল লিগের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে গোলশূণ্য ড্র করেছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। উলভসের মাঠে গতকাল শুরুতেই নির্ধারিত হয়ে গিয়েছিল চেলসির ভাগ্য। খেলার পাঁচ মিনিটের মাথায় চেলসি ডিফেন্ডার জোসে বোসিংগা দুর্ভাগ্যবশত বল জড়িয়ে দিয়েছিলেন নিজেদের জালেই। বাকি সময়টা গোল শোধের প্রচুর সুযোগ সৃষ্টি করলেও সেগুলো থেকে গোল করতে পারেন নি দ্রগবা, মালুদা, ল্যাম্পার্ডরা। ১-০ গোলের হার নিয়ে মাথা নিচু করেই ফিরতে হয়েছে চেলসিকে। গত বেশ কিছুদিনের খারাপ পারফরমেন্সের জন্য মাঝে মধ্যেই চেলসি কোচ কার্লো আনচেলত্তির বহিস্কার বিষয়ক কথাবার্তা শোনা যাচ্ছিল। গতকালের ম্যাচটার পর নিশ্চয়ই আরো অনিশ্চয়তার দিকেই চলে যাবে তাঁর ভবিষ্যত্। চেলসির এই ইতালিয়ান কোচ অবশ্য নিজের ভবিষ্যত্ না, দলের লাগাতার ব্যর্থতা নিয়েই বেশি চিন্তিত। গতকালের হতাশাজনক হারের পর তিনি বলেছেন, ‘আমি আমার চাকরি নিয়ে ভয় পাচ্ছি না। আমি চিন্তিত কারণ আমরা আশানরুপ ফল করতে পারছি না।’দুই শিরোপাপ্রত্যাশী আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মধ্যকার গতকালের ম্যাচটা ড্র হওয়াতে আরো প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হয়ে উঠেছে প্রিমিয়ার লিগ শিরোপার লড়াই। ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যান সিটি। ৪০ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে তৃতীয় স্থানে। আর এখন পর্যন্ত কোন ম্যাচ না হেরে শীর্ষস্থানটা ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড।— রয়টার্স