আবারো পাকিস্তানের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়ের খুব কাছাকাছি গিয়েও কাঙ্ক্ষিত জয়ের দেখা পেল না পাকিস্তান। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ২৪ রানে হারিয়েছে ইংল্যান্ড। ভেজা মাঠের কারণে খেলা শুরু হতে দেরি হওয়ায় খেলার দৈর্ঘ্য ৫০ ওভার থেকে কমিয়ে ৪১ ওভার নির্ধারণ করা হয়। বৃষ্টিভেজা মাঠে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদী। শুরুতেই এন্ড্রু স্ট্রস ও স্টিভ ডেভিসের ঝড়ো ব্যাটিং শক্ত ভিত্তিতে দাঁড় করিয়ে দেয় ইংল্যান্ডকে। দলীয় ৭৮ রানে স্ট্রস ফিরে যাওয়ার পর রানের চাকা সচল রাখেন জনাথন ট্রট ও স্টিভ ডেভিস। দ্বিতীয় উইকেট জুটিতে গড়ে তোলেন ৭৫ রানের জুটি। ৬৭ বলে ৮৭ রান করে ফিরে যান ডেভিস। শেষপর্যন্ত ট্রটের ৬৯ ও রবি বোপারার অপরাজিত ৩৫ রানের উপর ভর করে ৪১ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২৭৪ রান। সাইদ আজমল নেন ৪ উইকেট।২৭৫ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল পাকিস্তানের। কিন্তু উদ্বোধনী জুটিতে ৬২ রান যোগ করে গ্রায়েম সোয়ানের ঘুর্নির ফাঁদে পড়েন মোহম্মদ হাফিজ। বহুদিন পর রানের দেখা পেয়েছিলেন কামরান আকমল। দলীয় ১২৩ রানের মাথায় ৫৩ রান করে ফিরে যান কামরান। এরপর ৪৩ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন উমর আকমল। কিন্তু ৩৩ তম ওভারে দলীয় ১৯১ রানে উমর আকমল ফিরে গেলে হারটা অনেকখানিই নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের। শেষপর্যন্ত নির্ধারিত ৪১ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৫০ রানে শেষ হয় পাকিস্তানি ইনিংস। ২টি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন, ব্রেসনান, সোয়ান ও ইয়ার্ডি। ৮৭ রান করে ম্যাচ সেরা হয়েছেন স্টিভ ডেভিস।