বয়স ২৪। ওমান লিগে খেলেছেন এর আগে। গোল করেছেন ১৩টি। বাংলাদেশে এসে প্রথম ম্যাচে পেনাল্টি থেকে গোল করলেন। আবাহনীর জার্সি গায়ে ওয়েলিংটন আপাচিদো বারবোজা সান্তানার অভিষেক উজ্জ্বল না হলেও একেবারে খারাপ হয়নি। চিরায়ত ব্রাজিলিয়ান ছোট ছোট পাসে খেলেন সান্তানা। সতীর্থদের সঙ্গে বল দেওয়া-নেওয়া ভালোই করলেন প্রথম ম্যাচে। বল পাস দিয়ে পজিশনে যান দ্রুত। মুশকিল হচ্ছে, তাঁর সঙ্গে তাল মিলিয়ে অন্যরা খেলতে অনেক সময়ই হিমশিম খেয়েছেন। ইব্রাহিম এলে হয়তো ঘাটতিটা দূর হবে। আবাহনীর কোচ অমলেশ সেনও সেটাই বললেন, ‘ও বল ছাড়ে দ্রুত। দেওয়া-নেওয়াটা ভালোই করতে পারে। তবে প্রথম ম্যাচ তো, সামনে আরও ভালো খেলবে আশা করি। ইব্রাহিমকে পাশে পেলে ওর কাছ থেকে অনেক কিছুই পেতে পারি আমরা।’ রহমতগঞ্জকে ২-০ গোলে হারানোর পর সান্তানা বললেন, ‘ভালোই লাগছে বাংলাদেশে।’ স্বদেশি রোনালদো-ভক্ত এই স্ট্রাইকারের বাংলাদেশে নাকি সবই ভালো লাগে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠটা কেমন—জিজ্ঞাসা করলে তোতা পাখির মতো বলে যান, ‘খুব ভালো, ব্রাজিলের মতো।’আবাহনীর ইব্রাহিম, গতবারের অধিনায়ক সামাদদের কাল রাতে ঢাকায় আসার কথা ছিল। দলটির ইরানি কোচ আলী আকবর এখনো আসেননি। তবে তাঁদের জন্য থেমে নেই আবাহনীর পথচলা। গ্রামীণফোন ফেডারেশন কাপে প্রথম দুই ম্যাচ জিতে শেষ আটে চলে গেছে আকাশি-নীল দল। প্রথম ম্যাচটায় যশোর ডিএফএর বিপক্ষে তাদের জয় ছিল ২-০ গোলে।আবাহনী প্রথম দুটি ম্যাচ জিতেছে বটে, কিন্তু খেলায় ধার নেই। নতুন দল নিয়ে মৌসুমের শুরুতে জড়তা এখনো কাটাতে পারেনি। দলীয় সমন্বয়ও আসেনি। আবাহনী বলতে যা বোঝায়, পরিকল্পিত আক্রমণে প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দেওয়া, সেটার ধারেকাছেও যেতে পারেনি। মাঝমাঠ প্রচুর বল হারিয়েছে। রক্ষণ খেই হারিয়েছে বেশ কয়েকবার। নিশানাহীন এলোমেলো শট দেখা গেছে অনেক। আবাহনী জিতল মনে হয় বড় দলের নামের ভারেই। প্রথম গোলটা পেতে অপেক্ষা করতে হয়েছে ৫৪ মিনিট পর্যন্ত। তৌহিদের পাস থেকে শাখাওয়াত রনির শটে গোল। দ্বিতীয় গোলটা পাঁচ মিনিট পরই। ওয়ালি ফয়সালকে বক্সে ফেলে দেন রহমতগঞ্জের রাজীব। পেনাল্টি থেকে সহজেই সান্তানার গোল। অভিষেক ম্যাচে গোল পেলেন, এখন তাঁর লক্ষ্য লিগে অন্তত গোটা কুড়ি গোল করা। ভাঙা ভাঙা ইংরেজি বললেন, ‘আমি সর্বোচ্চ গোলদাতা হতে চাই।’জয়ে শুরু শেখ জামালের: নোয়াখালী ফুটবল একাডেমির বিপক্ষে ম্যাচ দিয়ে কাল ফেডারেশন কাপ শুরু করল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি। জিতেছেও বড় ব্যবধানে (৪-০)। ১৪ মিনিটে আলমগীর রানা, ২৭ ও ৪৯ মিনিটে নাইজেরিয়ান সানডে, ৫১ মিনিটে শাকিল গোল করেছেন।এই এক জয়েই শেষ আটে গেল শেখ জামাল। গ্রুপের চার দলের মধ্যে কক্স সিটি না খেলায় একটি দল কমে গেছে। নোয়াখালী ফুটবল একাডেমি প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধার কাছে হেরেছিল ৭-১ গোলে। ফলে দুই হারে দলটি বিদায় নিয়েছে ফেড কাপ থেকে। শেখ জামালের মতো মুক্তিযোদ্ধাও এক জয়ে পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। আগামীকাল শেখ জামাল-মুক্তিযোদ্ধা ম্যাচই ঠিক করবে গ্রুপ চ্যাম্পিয়ন।