গত বছরের ক্লাব কাপ ফাইনালের পুনর্মঞ্চায়নই হচ্ছে এবার। আগামীকাল অনুষ্ঠেয় ফাইনালে আবাহনী পেল ঊষাকে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল সেমিফাইনালে আবাহনী ৭-০ গোলে হারিয়েছে অ্যাজাক্সকে। ঊষা ৫-১ গোলে জিতেছে সোনালী ব্যাংকের বিপক্ষে। আবাহনীর গোলগুলো করেছেন খোরশেদুর, দীন ইসলাম, হাসান যোবায়ের নিলয়, শেখ নান্নু, রুম্মন সরকার, পুষ্কর খীসা মিমো ও রায়হান।
ঊষার শুভ ২টি, রিমন, চয়ন, বেলাল করেছেন ১টি করে গোল। সোনালী ব্যাংকের গোলদাতা মানিক।
মোহামেডানসহ চার ক্লাব খেলছে না ক্লাব কাপ হকিতে। তবে অনুমিতভাবে অন্য দুটি বড় দলই উঠল ফাইনালে। এবার বিজয় দিবস হকিতে আবাহনী ও ঊষা খেললেও দুই দল মুখোমুখি হয়নি। সেনাবাহিনীর কাছে হেরে সেমিফাইনালেই বিদায় নিয়েছিল ঊষা। বিজয় দিবসের চ্যাম্পিয়ন আবাহনীকে এই প্রথম বড় পরীক্ষা দিতে হচ্ছে এ বছর।
ক্লাব কাপের ফাইনালেই বিদেশি খেলোয়াড় নিয়ে নামার কথা ছিল ঊষার। কিন্তু ভারতীয় ক্লাবগুলো ছাড়পত্র না দেওয়ায় ভারতীয় এই খেলোয়াড়েরা আসতে পারেননি। তবে এই বিদেশি খেলোয়াড় বাদ দিলেও ঊষা যথেষ্টই শক্তিশালী। প্রতিপক্ষকে সমীহ জানিয়ে আবাহনীর কোচ মাহবুব হারুন বললেন, ‘ওরা বিদেশি খেলোয়াড় পেল কি পেল না, তা নিয়ে ভাবছি না আমরা। বিজয় দিবসে চ্যাম্পিয়ন হয়েছি। ক্লাব কাপেও চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামব।’ ঊষার কোচ মামুনুর রশীদও চান শিরোপা জিততে, ‘আবাহনী ভালো দল। এই ম্যাচটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমরা চাই, গতবারের শিরোপা ধরে রাখতে।’