আবাহনী-ঊষা ম্যাচে আট পাকিস্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহামেডান না খেলায় এবারের হকি লিগে ম্যাচ আসলে একটাই—আবাহনী বনাম ঊষা। প্রথম পর্বে এই ম্যাচের জয়ী দল শিরোপার সুবাস পেয়ে যাবে। আজ বিকেল তিনটায় মওলানা ভাসানী স্টেডিয়ামে আবাহনী-ঊষা লড়াইটা তাই গুরত্বপূর্ণ দুই দলের জন্যই।
সাত দলের লিগে প্রথমে প্রতি দলের ছয়টি করে ম্যাচ। আবাহনী-ঊষা দুই দলই পাঁচ ম্যাচের সব কটি জিতে ১৫ পয়েন্ট পেয়েছে। এই দুই দলের সঙ্গী হয়ে সুপার ফোরে উঠেছে অ্যাজাক্স ও সাধারণ বীমা। এ পর্বে প্রতি দলের তিনটি করে ম্যাচ।
সুপার ফোরের আবাহনী-ঊষা ম্যাচেই নিষ্পত্তি হবে শিরোপা। তার আগে আজ এগিয়ে যাওয়ার লড়াইয়ে দুই দলই চারজন করে পাকিস্তানি খেলোয়াড়ের ‘শক্তি’ নিয়ে নামছে। আবাহনীর হয়ে খেলতে আসা রাইট ব্যাক মোহাম্মদ তৌসিকই শুধু বর্তমানে পাকিস্তান জাতীয় দলে নেই। বাকি সাতজনই পাকিস্তান জাতীয় দলে খেলছেন। আকাশি-নীলেদের হয়ে নামছেন হাসিম খান (স্ট্রাইকার), কাসিফ আলী (ডিফেন্ডার) ও আমির শেহজাদ (মিডফিল্ডার)। ঊষার জার্সি পরবেন পাকিস্তান জাতীয় দলের সহ-অধিনায়ক শাফকাত রাসুল (মিডফিল্ডার), ইমরান বাট (গোলরক্ষক), সৈয়দ কাসিফ (মিডফিল্ডার) ও নেওয়াজ আশফাক (স্টপার)। আবাহনী-ঊষার ব্যানারে লড়াইটা আসলে আট পাকিস্তানির!