প্রিমিয়ার হকি লিগে এ পর্যন্ত পাঁচ ম্যাচে হয়েছে ৪১ গোল। এর মধ্যে ৩০ গোল করেছে আবাহনী ও ঊষা। সাত দলের লিগে যে শুধু আবাহনী আর ঊষারই আধিপত্য চলছে, এই পরিসংখ্যানেই তা পরিষ্কার।
কাল আবাহনী ১১-০ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। এটি লিগে আবাহনীর টানা দ্বিতীয় জয়। হ্যাটট্রিকসহ ৫ গোল করেছেন খোরশেদুর রহমান। পুস্কর খীসা মিমো ৩টি, রুম্মন সরকার ২টি ও মুসা মিয়া ১টি গোল করেন। অন্য ম্যাচে ঊষা ৫-১ গোলে হারিয়েছে আজাদ স্পোর্টিং ক্লাবকে। ঊষার মামুনুর রহমান চয়ন ৩টি, মইনুল ইসলাম কৌশিক ও কৃষ্ণ কুমার ১টি করে গোল করেন। আজাদের সান্ত্বনার গোলটি মাহবুব আলীর।
হাসপাতালে আজাদের খেলোয়াড়: মামুনুর রহমান চয়নের স্টিকের আঘাতে হাসপাতালে যেতে হয়েছে আজাদের ফরোয়ার্ড রাজীব দাসকে। কাল ঊষা-আজাদ ম্যাচের প্রথমার্ধে স্ল্যাপ করতে যাওয়া চয়নের স্টিক লাগে রাজীবের নাকে। ঘটনাস্থলেই প্রচুর রক্তপাত হয়। অজ্ঞান হয়ে পড়ে যায় রাজীব। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে তাৎক্ষণিকভাবে। চিকিৎসকেরা তার নাকে পাঁচটি সেলাই দিয়েছেন। বিকেএসপির নবম শ্রেণীর এই ছাত্রকে পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিকেএসপিতে পাঠানো হয়। বিকেএসপি হাসপাতালে ভর্তি এই খেলোয়াড়ের ব্যাপারে বিকেএসপির কোচ কাউসার আলী বললেন, ‘ওর অবস্থা এখনো ভালো নয়। দুই নাকই বন্ধ হয়ে গেছে। এখনো রক্ত ঝরছে। আপাতত দুই-তিন সপ্তাহ খেলতে পারবে না রাজীব।’ পুরো ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন চয়ন।