আবাহনী এগোল আরেক ধাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ জামালকে কাল ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়ে শিরোপা-স্বপ্নে নতুন রং লাগাল আবাহনী। এর ফলে তিন ম্যাচ বাকি থাকতে প্রতিদ্বন্দ্বী মুক্তিযোদ্ধার চেয়ে ৩ পয়েন্টের অগ্রগামিতা ধরে রাখল আকাশী-নীলরা। ১৭ ম্যাচে আবাহনীর পয়েন্ট ৪০।আবাহনীর ফুটবলাররা কাল বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে খোশমেজাজেই ফিরলেন ক্লাবে। তবে শেষ ৩ ম্যাচে পয়েন্ট না হারানোর চ্যালেঞ্জটা এখনো রয়ে গেছে। এর মধ্যে শেষ ম্যাচটি মুক্তিযোদ্ধার সঙ্গে। তার আগে ফরাশগঞ্জ-ফেনী সকারের পা হড়কালে বিপদ। ওদিকে আবাহনীর কোচ আলী আকবর পোরমুসলিমি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। লিগে বিরতি পড়ছে ধরে নিয়ে ‘এই ম্যাচটাকেই (কালকের ম্যাচ) আবাহনীর হয়ে আমার শেষ ম্যাচ’—বলে ফেলেছিলেন ম্যাচের পর। তবে ম্যানেজার সত্যজিৎ দাসের দাবি, ‘কোচের সঙ্গে চুক্তি জুন পর্যন্ত। এবং লিগও আপাতত চলবে। কাজেই এখনই যেতে পারছেন না তিনি।’কোচ-বিদায়ী সুরের মধ্যেই কাল আবাহনী প্রথম গোল পেয়ে যায় ১২ মিনিটে। ইব্রাহিমের ফ্রি-কিকে প্রাণতোষ তিন-চারজন ডিফেন্ডারের ফাঁক গলে হেডে বল জড়ান জালে। ৪৭ মিনিটে জাহিদকে বক্সে ফাউল করেন রায়হান, পেনাল্টি থেকে ফ্রাঙ্ক করেন ২-০। ৭৩ মিনিটে ইব্রাহিমের মাপা ক্রসে ওই ফ্রাঙ্কেরই হেডে ৩-০।টানা চার জয়ের পর আবার ছন্নছাড়া হয়ে পড়েছে শেখ জামাল। এদিন বিরতির পর গোলরক্ষক আমিনুল আর খেলেননি। ঘাড়ে ব্যথা পেয়েছেন। আমিনুল না থাকায় শেখ জামালের পরাজয়টা হয়ে পড়ে সময়ের ব্যাপার। ১৭ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে দলটা।আজকের খেলা: বিজেএমসি-মোহামেডান (বিকেল ৪টা, টাঙ্গাইল স্টেডিয়াম), ফরাশগঞ্জ-আরামবাগ (বিকেল ৫-৩০ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম), ফেনী সকার-রহমতগঞ্জ (বিকেল ৪টা, ফেনী স্টেডিয়াম)।