গুলশান ইয়ুথ ক্লাব মাঠের এক পাশে চলছিল নববর্ষ উদ্যাপনের প্রস্তুতি। স্থানীয় উৎসাহী কিছু কিশোর-কিশোরী ব্যস্ত রঙিন কাগজের ফুল কাটতে, নিশান বানাতে। সেই সঙ্গে সমান তালে উৎসাহ দিয়ে যাচ্ছিল আজাদ স্পোর্টিংকে। শেষ পর্যন্ত হতাশ হয়েই ক্লাব ছেড়েছে তারা। মেয়েদের ক্লাব কাপ ক্রিকেটের নিজেদের প্রথম ম্যাচে আবাহনীর কাছে ৮ রানে হেরে গেছে আজাদ।দুই দলের দুই ওপেনার ছাড়া রান পাননি আর কেউই। আবাহনীর মনতাহা করেন সর্বোচ্চ ৩৫ রান, আজাদের ওপেনার আইরিন ৩৪। আবাহনীকে মাত্র ৮৫ রানে গুটিয়ে দেওয়ার মূল কৃতিত্ব দুই স্পিনার চম্পা চাকমা ও বৃষ্টি রায়ের। দুজনই নিয়েছেন ৪টি করে উইকেট। জবাবে ৩২ ওভারে ৭৭ রানেই অলআউট আজাদ। ম্যাচের সেরা আবাহনীর সুবর্ণা ও সুপ্রিয়া নেন ৩টি করে উইকেট।দিনের অন্য ম্যাচটিও ছিল লো-স্কোরিং। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আনসার ও ভিডিপি দল ১০ উইকেটে হারিয়েছে কলাবাগান ক্রীড়াচক্রকে। ৪০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে কলাবাগানের সংগ্রহ ৭৭ রান। আনসারের শামীমা ৩টি, চামেলী ২টি, মাহমুদা ও তিথি নিয়েছেন ১টি করে উইকেট। জবাবে কোনো উইকেট না হারিয়ে মাত্র ১০ ওভারেই জিতে যায় আনসার ও ভিডিপি। ওপেনার লতা মণ্ডল করেন সর্বোচ্চ ৪৩ রান। আয়েশা আক্তার অপরাজিত ছিলেন ২২ রানে। ম্যাচ-সেরা আনসারের শামীমা আক্তার।