আবাহনী-গাজী দুই দলই রইল আশায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিনই রং বদলাচ্ছে শিরোপা লড়াইয়ের আবহ। সুপার লিগের চারটা করে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরও বলার উপায় নেই শিরোপা যাচ্ছে কাদের ঘরে! তবে কাল ওল্ড ডিওএইচএসকে ৩৯ রানে হারিয়ে ২৪ পয়েন্ট নিয়ে আবারও পয়েন্ট তালিকার শীর্ষে চলে যাওয়া আবাহনীর সম্ভাবনা উজ্জ্বল। শেষ ম্যাচে মোহামেডানকে হারালে শিরোপা পুনরুদ্ধার করবে তারা। সম্ভাবনা থাকবে হারলেও, যদি গাজী ট্যাংকও তাদের শেষ ম্যাচে হেরে যায় বিমানের কাছে। কাল সিসিএসের বিপক্ষে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১ রানে না হারলে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকত গাজী ট্যাংকই। ২২ পয়েন্ট নিয়ে তারা এখন দ্বিতীয় স্থানে। দিনের অন্য ম্যাচে বিমানকে ৬ উইকেটে হারিয়ে মোহামেডানের পয়েন্ট ২১ হলেও শিরোপা হাতছাড়া হওয়াটা নিশ্চিতই হয়ে গেছে তাদের। সিসিএসের সমান ১৬ পয়েন্ট নিয়েও মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে বিমান।বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুভাগত হোম (৮৯), আতিকুর রহমান (৬২) ও নাজমুল হোসেনের (৫০) ফিফটির সৌজন্যে ২৭৮ রান করেছিল সিসিএস। মোহাম্মদ মিঠুন-অলক কাপালিদের সামনে এই রানটাই কম হয়ে যাচ্ছিল একটা সময়ে। মিঠুনের ৯৩ বলে ৭৩ রানের পর অলকের ৬৯ বলে ৮৭ রান জয়ের সুবাসই দেয় শিরোপা-স্বপ্ন নিয়ে এগিয়ে চলা গাজীকে। কিন্তু শেষ রক্ষা হয়নি। ম্যাচের শেষ ওভারে প্রয়োজন ছিল ১৪ রান। শেষ ব্যাটসম্যান সৈয়দ রাসেল ১০ রান করে ব্যবধান অনেকটা কমিয়ে আনলেও শেষ বলে ২ রান নিতে গিয়ে হয়ে যান রানআউট। আর তাতে গাজীর হার দিয়েই ঘটেছে চরম উত্তেজনার সমাপ্তি।বিকেএসপিতে আবাহনীর ৯ উইকেটে করা ২১৬ রানের জবাবে সমান উইকেট হারিয়ে ১৭৭ রান করেছে ওল্ড ডিওএইচএস। ৭২ রানে ৫ উইকেট হারানো আবাহনীর ব্যাটিংটা সোজা হয়ে দাঁড়িয়েছিল ভারতীয় ব্যাটসম্যানের রেশমি রঞ্জন পারিদার ফিফটিতে (৬৯)। ষষ্ঠ উইকেটে সগীর হোসেনের সঙ্গে ১০০ রানের জুটি গড়েছেন তিনি।রাজশাহীতে পরপর দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি পেলেন মোহামেডানের পাকিস্তানি ব্যাটসম্যান শোয়েব মালিক। তাঁর অপরাজিত ১০৭ ও ফয়সাল হোসেনের (৫১) ফিফটির সৌজন্যে বিমানের ২২৩ রানের টার্গেট বর্তমান চ্যাম্পিয়নরা টপকে যায় ৪১.১ ওভারেই। ১০৮ রানে ৩ উইকেট পড়ার পর চতুর্থ উইকেটে শোয়েব-ফয়সাল গড়েছেন ১১২ রানের জুটি। এর আগে বিমানের ইনিংসের মেরুদণ্ড হয়ে ছিল ওপেনার অভিষেক মিত্রের অপরাজিত ১১০ রানের ইনিংস।