আবাহনী ছাড়লেন দুই ব্রাজিলিয়ান
আবাহনী এবার এনেছিল দুই ব্রাজিলিয়ান ফুটবলার লুইস ডি কাস্ত্রো ও আন্দ্রে লুইস ডি সুজাকে। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হতে এক ম্যাচ বাকি থাকতেই দুই ফরোয়ার্ডকে বিদায় করে দিয়েছে আবাহনী।
দ্বিতীয় পর্বে এই দুজনের জায়গায় দুই আফ্রিকান ফুটবলারকে নিতে পারে দলটি। তেমনই আভাস দিলেন কাল ম্যানেজার সত্যজিৎ দাস রুপু, ‘দুই ব্রাজিলিয়ানের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারছিলাম না বলে গত সপ্তাহেই ওদের ছেড়ে দিয়েছি।’ প্রথম পর্ব শেষে আগামী মার্চে শুরু হবে স্বাধীনতা কাপ। ওই সময় তিন সপ্তাহের জন্য চলবে মধ্যবর্তী দলবদল। স্বাধীনতা কাপকে খেলোয়াড় বাছাইয়ের আদর্শ মঞ্চ বলে ভাবছে আবাহনী। এবার দেখেশুনে ভালো খেলোয়াড় নিতে চান রুপু, ‘আমরা এবার ভালো মানের ফুটবলার নিতে চাই। স্বাধীনতা কাপ আমাদের জন্য ট্রায়াল টুর্নামেন্ট। ওখানে ভালো করলে বিদেশি ফুটবলারদের রেখে দেব।’
পুরোনো তিন বিদেশি খেলোয়াড় ঘানার সামাদ ইউসুফ, আউডু ইব্রাহিম ও ওসেই মরিসন আছেন। আবাহনীতে নতুন দুই বিদেশি হলেন ক্যামেরুনের ইয়োকো সামনিক ও একেলে প্যাট্রিক।