আবাহনী থামল ঊষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইনালে আবাহনীকে হারিয়ে মাঠেই ঊষার জয়োত্সব শুরু করলেন ঊষার খেলোয়াড়রা । প্রথম আলো
ফাইনালে আবাহনীকে হারিয়ে মাঠেই ঊষার জয়োত্সব শুরু করলেন ঊষার খেলোয়াড়রা । প্রথম আলো

মোহামেডান দর্শকের ভূমিকায়। ক্লাব কাপ হকির ফাইনালে প্রত্যাশিতভাবেই আবাহনী-ঊষার তীব্র লড়াইয়ের আভাস মিলছিল। কিন্তু কাল সেই ফাইনালটাকে প্রায় একপেশে বানিয়ে ঊষা জিতল ৩-১ গোলে!
ঊষার কৌশলী হকিই মাঠে অকার্যকর করে রাখে প্রবল প্রতিপক্ষের স্বাভাবিক খেলা। কাগজে-কলমে দুই বড় দলের মধ্যে আকাশি-নীলেরা এগিয়ে। দুই দলই পুরোপুরি স্থানীয় খেলোয়াড়সমৃদ্ধ। কিন্তু ঐতিহ্যবাহী আবাহনীর আক্রমণ সেভাবে দানা বাঁধতেই দেয়নি ঊষা। ঊষার রক্ষণ বেশ ভালো খেলল। আবাহনীর মাঝমাঠের কান্ডারি নান্নু থাকলেন নিষপ্রভ। ব্যক্তিগত নৈপুণ্যে ভর করে এগোতে চাওয়া আবাহনী আসলে আটকে গেছে ঊষার দলীয় সমন্বয়ের দেয়ালে।
আবাহনীর আক্রমণের দুই প্রধান অস্ত্র নিলয় আর মিমো ছিলেন কড়া নজরে। চিত্রনাট্য অনুযায়ী সবই ঠিকঠাক করল তারা। ঊষা তিনটি গোলই করল প্রতি-আক্রমণে।
চার মিনিটে কৃষ্ণর ক্রস থেকে রিভার্স হিটে পুরান ঢাকার পরাশক্তিকে এগিয়ে দেন রাব্বি। ব্যবধান বাড়ান কৌশিক (টুর্নামেন্টে সর্বোচ্চ ৭ গোল করেছেন), ৪৫ মিনিটে একক প্রচেষ্টায় তাঁর হিটে ২-০। ৬৬ মিনিটে কৃষ্ণ এককভাবে বল নিয়ে ঢুকে রিভার্স হিটে ৩-০ করলে সব আশাই শেষ আবাহনীর। নিজে গোল করেছেন, করিয়েছেন, ঊষার এই জয়ে বড় অবদান নৌবাহিনীর চাকরিজীবী কৃষ্ণর। শেষ মিনিটে আবাহনীর মিমো ৩-১ করলেন, ততক্ষণে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ঊষার জয়োৎসব শুরু হয়ে গেছে।
এই ঊষাই কদিন আগে বিজয় দিবস টুর্নামেন্টের সেমিফাইনালে বিদায় নেয় সেনাবাহিনীর কাছে হেরে। ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আবাহনী। কাল লিগের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট জিতে ঊষা বার্তা দিল, মোহামেডান-মেরিনার্সবিহীন লিগে আবাহনীর পক্ষে শিরোপা জয় সহজ নয়!
ঊষার কোচ মামুনুর রশিদ বলছিলেন, ‘এই ফাইনাল জিতে লিগের ব্যাপারে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে।’ আবাহনীর কোচ মাহবুব হারুন তাকাচ্ছেন সামনে, ‘লিগে আমরা ঘুরে দাঁড়াব।’
দীর্ঘপ্রত্যাশিত লিগ শুরু হওয়ার কথা ১৮ জনুয়ারি।