আবাহনী থেকে লিনুর পদত্যাগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলায় অংশ নেওয়ার নামে বিদেশে প্রমোদ ভ্রমণ করার জন্য ক্রীড়াঙ্গনের কর্মকর্তারা যেন মুখিয়ে থাকেন। ক্রীড়াঙ্গনের কুৎসিত এই চর্চা থেকে বেরিয়ে আসতে পারেননি টেবিল টেনিস ফেডারেশনের কর্মকর্তারাও। অভিযোগ উঠেছে, ফেডারেশনের সহসভাপতি জাহাঙ্গীর আলম সরকারি আদেশ (জিও) না পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন আরেক সহসভাপতি জোবেরা রহমান লিনুকে। এরই জেরে আবাহনী ক্লাবের টিটির সাধারণ সম্পাদকের পদে ইস্তফা দিয়েছেন লিনু।আগামী ১৩ থেকে ২০ মে প্যারিসে হবে টিটির বিশ্বকাপ। সেখানে খেলতে যাবেন মাহবুব বিল্লাহ, মানস চৌধুরী, মৌমিতা আলম (রুমি) ও সোনম সুলতানা (সোমা)। পর্যবেক্ষক কর্মকর্তা হিসেবে যেতে চেয়েছিলেন জাহাঙ্গীর আলম। কিন্তু জিও না পেয়ে নাকি ক্ষোভ ঝেড়েছেন লিনুর ওপর! কাল এমনটাই বললেন লিনু, ‘আমাকে ফেডারেশন থেকে কর্মকর্তা হিসেবে পাঠানো হচ্ছে ফ্রান্সে। উনিও যাওয়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু জিও পাননি। এরপর আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন। অকথ্য ভাষায় গালি দেন। শুধু তা-ই নয়, ক্লাবেও উনি আমার সঙ্গে সব সময় খারাপ ব্যবহার করেন। উনার ব্যবহারে আমি অসম্মানিত বোধ করেছি। তাই আমি আর ক্লাবে থাকছি না। পদত্যাগ করলাম।’ আবাহনীর টিটি কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহসভাপতি জাহাঙ্গীর আলমের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বারবার এই প্রতিবেদকের মোবাইল সংযোগ কেটে দিয়েছেন।