ম্যাচ শেষ। ভিআইপি গ্যালারি থেকে বেরিয়ে যাচ্ছিল আবাহনীর একদল ক্ষুব্ধ সমর্থক। কমলাপুর স্টেডিয়ামের প্রবেশপথে দাঁড়িয়ে এরপর ক্লাব কর্মকর্তাদের উদ্দেশে করল একচোট গালমন্দ। ফেডারেশন কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফেনী সকারের কাছে ২-১ গোলের হারই সমর্থকদের এভাবে তাতিয়ে তুলেছে।বড় দল হারলে সমর্থকেরা ক্ষুব্ধ হবেই। তবে এই হারে আবাহনীর ক্ষতি বিশেষ কিছু হয়নি। প্রথম দুই ম্যাচ জিতেই সবার আগে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল আবাহনী।কাল তাই আবাহনীর জন্য আনুষ্ঠানিকতার ম্যাচই ছিল। কোচ আলী আকবর পোরমুসলিমি চেয়েছিলেন সাইড বেঞ্চের খেলোয়াড়দের পরখ করে দেখতে। এ কারণেই অভিষেকে জোড়া গোল করা লাকি পল, ওয়ালী ফয়সালদের বসিয়ে রাখা হয়েছিল। ডিফেন্ডার নাসিরকেও নামানো হয়েছে শেষ মুহূর্তে।সুযোগটা ভালোই কাজে লাগিয়েছে ফেনী সকার। কিন্তু জিতেও আনন্দটা উপভোগ করতে পারল কই? গ্রুপের অন্য ম্যাচে পুলিশের বিপক্ষে (২-০) জিতে আরামবাগ উঠে গেল শেষ আটে। তিন ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট ফেনী সকার ও আরামবাগের। কিন্তু গোল পার্থক্যে পিছিয়ে বিদায় সকারের। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আবাহনী।কোয়ার্টার ফাইনালের আটটি দলই চূড়ান্ত। ‘এ’ গ্রুপ থেকে মুক্তিযোদ্ধা ও বিজেএমসি, ‘বি’ গ্রুপে আবাহনী ও আরামবাগ, ‘সি’ গ্রুপে শেখ জামাল ও শেখ রাসেল, ‘ডি’ গ্রুপে ফরাশগঞ্জ ও রহমতগঞ্জ। শেখ জামাল-শেখ রাসেল আজ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামছে।আবাহনী কাল প্রথম গোল খেল ২২ মিনিটে। ডিফেন্ডার মামুনের সঙ্গে তরুণ গোলরক্ষক সোহেলের ভুল-বোঝাবুঝির সুযোগে নাইজেরিয়ান রোনাল্ড করেন গোলটি।৬৭ মিনিটে ১-১। সকারের ভিক্টর আবাহনীর নাসিরকে বক্সে ফেলে দিলে প্রাপ্ত পেনাল্টি কাজে লাগিয়ে আবাহনীকে ম্যাচে ফেরালেন ফ্রাঙ্ক (১-১)। কিন্তু ৭৪ মিনিটে আবাহনী আবার ডুবল হতাশায়। গোলরক্ষক সোহেলের হাত ফসকে বল বেরিয়ে গেলে ইয়াসিন শট নেন, পোস্টে লেগে বল জালে (২-১)।শেষ আটে যেতে পারেনি সকার। তবু আবাহনী-বধেই খুশি দলটির কোচ রেজাউল হক, ‘গতবার নিজেদের মাঠে লিগে ড্র করেছি আবাহনীর সঙ্গে। এবার ঢাকায় এসে আবাহনীকে হারানো আমাদের জন্য বিশাল প্রাপ্তি।’ আবাহনীর কোচ আলী আকবর হতাশ, ‘স্থানীয়দের একটু পরখ করতে চেয়েছিলাম। কিন্তু অনেকেই এখনো সেভাবে তৈরি নয়। ছেলেরা অনেক সুযোগ নষ্ট করেছে।’আরামবাগের জয়: বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশকে ২-০ গোলে হারিয়েছে আরামবাগ। দুটি গোলই দুই বিদেশির। প্রথমটি আমিদি মোজেসের, শেষ দিকে জয় নিশ্চিত করা গোলটি গুডউইনের।আজকের খেলা: শেখ জামাল-শেখ রাসেল, ভিক্টোরিয়া-অগ্রণী ব্যাংক(বঙ্গবন্ধু ও কমলাপুর স্টেডিয়াম, বিকেল ৩টা)