আবাহনী-মুক্তিযোদ্ধা লড়াই আজ
গ্রুপ পর্বে দুটি ম্যাচেই ড্র করে সেমিফাইনালে ওঠা আবাহনী কি পারবে সুপার কাপে চ্যাম্পিয়ন হতে? এ মৌসুমে দ্বিতীয় সেরা দল গড়া মুক্তিযোদ্ধা কি অন্তত একটি শিরোপা ঘরে তুলতে পারবে? আজ বিকেল সাড়ে তিনটায় আবাহনী-মুক্তিযোদ্ধা লড়াইয়ে এক দলকে নিতে হবে বিদায়। আরেক দল উঠবে কোটি টাকার টুর্নামেন্টের ফাইনালে। বাংলাদেশ লিগে মুক্তিযোদ্ধা-আবাহনী দুবারের লড়াইয়ে দুটিই ছিল ড্র। যেহেতু এটি নকআউট, কাজেই পা হড়কালেই বিদায়। তাই আজ দুদলই বাড়তি সতর্ক। আবাহনীর সিরাজি ও উজ্জ্বল জ্বরে ভুগছেন। কবজিতে ব্যথা গোলরক্ষক জিয়ার। তবে জিয়া শেষ পর্যন্ত খেলতে পারেন। লাল কার্ডের কারণে আজ খেলতে পারবেন না মুক্তিযোদ্ধার মিডফিল্ডার মারুফ। লিগে মুক্তিযোদ্ধার ভরসা হয়ে থাকা সুদানি স্ট্রাইকার, লিগের সর্বোচ্চ গোলদাতা (১৯টি) জেমস মগাকে সুপার কাপের শুরু থেকেই পাচ্ছে না মুক্তিযোদ্ধা। তাঁর অভাব দলে ভালোই অনুভব করছে বাংলাদেশ লিগের রানার্সআপরা।লিগে চতুর্থ হয়েছিল আবাহনী। সেই হতাশা নিয়েই ম্যানেজার সত্যজিত দাস কাল সংবাদ সম্মেলনে বললেন, ‘খেলোয়াড়েরা বাংলাদেশ লিগ জিততে না পারার ব্যর্থতায় অনুতপ্ত। সুপার কাপকে তারা একটা সুযোগ হিসেবে বেছে নিয়েছে।’ মুক্তিযোদ্ধার অনেক খেলোয়াড়ই নতুন দল নিশ্চিত করে ফেলেছেন। তাই এখন আর সে অর্থে প্রেরণা নেই। অধিনায়ক রজনীকান্ত বর্মণ বললেন, ‘আমরা মুক্তিযোদ্ধাকে একটা বিদায়ী উপহার দিয়ে যেতে চাই।’ কোচ মারুফুল হক বাফুফের দুই মাসের নিষেধাজ্ঞা থাকায় আজ মাঠে দর্শক সারিতে থাকলেও অনুশীলন চলছে তাঁরই তত্ত্বাবধানে। কাল সংবাদ সম্মেলনে আসা সহকারী কোচ জাকারিয়া বাবু সমীহই করছেন প্রতিপক্ষকে, ‘আবাহনী বড় দল। আমরা তাদের সমীহ করি। তবে ইনশাআল্লাহ ভালো খেলেই জিতব।’ লিগের শেষ দিকে এসে খেলোয়াড়দের মধ্যে উৎসাহের অভাবের অভিযোগ করেছিলেন কোচ মারুফুল হক। সেটি কাল কবুল করলেন অধিনায়ক রজনী, ‘এটা সত্যি যে আমাদের ভালো খেলোয়াড়দের সঙ্গে চুক্তি না করে কর্মকর্তারা বেঞ্চের ফুটবলারদের সঙ্গে চুক্তি করেছে। এতে মোটিভেশনে সমস্যা হতেই পারে। তবে এসব ভুলে আমরা ফাইনালে ওঠার জন্যই লড়ব।’