আবাহনী-মুক্তিযোদ্ধা ‘ফাইনাল’
আনুষ্ঠানিক নয়। তবে আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে অঘোষিত এক ‘ফাইনাল’ই হচ্ছে। চতুর্থ বাংলাদেশ লিগের শিরোপার গতিপথ অনেকটাই ঠিক করে দেবে আবাহনী-মুক্তিযোদ্ধা ম্যাচ। তাই ফাইনালের আবহই ছড়িয়ে পড়েছে ফুটবল অঙ্গনে।কাল বিকেলে আবাহনী মাঠে দাঁড়িয়ে দলটির ম্যানেজার সত্যজিৎ দাস বলেছেন, ‘আমরা জিতলে শিরোপা জয়ের ব্যাপারে ৮০ ভাগ নিশ্চিত হতে পারব। মুক্তিযোদ্ধা জিতলে তারা নিশ্চিত হবে ৯০ ভাগ। কাজেই ম্যাচটা ফাইনালই।’যথার্থ বিশ্লেষণ। মুক্তিযোদ্ধা তো মনে করছে, আবাহনীকে হারালে তাদের ঘরে শিরোপা যাবেই। অধিনায়ক রজনী বলছেন, ‘এটিই আমাদের ফাইনাল। ডু অর ডাই ম্যাচ। জিতলে আশা করি, আমরাই চ্যাম্পিয়ন হব।’পয়েন্ট তালিকাও মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলছে। ১৭ ম্যাচে মুক্তিযোদ্ধার সংগ্রহ ৩৯ পয়েন্ট, ১৬ ম্যাচে আবাহনীর ৩৫। ১৮ ম্যাচে শেখ জামালের ৪১, শেখ রাসেলের ৩৮। প্রতিটি দলের ম্যাচ ২২টি করে।আজ মুক্তিযোদ্ধা জিতলে শেখ জামালের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে উঠবে। মুক্তিযোদ্ধার ম্যাচ বাকি থাকবে চট্টগ্রামের দুই দল আবাহনী-মোহামেডান আর ফরাশগঞ্জ-রহমতগঞ্জের ম্যাচগুলো। এই চারটি ম্যাচ জেতা কঠিন নয়—আত্মবিশ্বাস নিয়েই বলছিলেন মুক্তিযোদ্ধার তরুণ মিডফিল্ডার মারুফ।মুক্তিযোদ্ধা সর্বশেষ শিরোপা জিতেছে ২০০৫ সালে (স্বাধীনতা কাপ)। আজকের ম্যাচ নিয়ে তাই ভীষণ স্নায়ুচাপে রয়েছে দলটি। আর্মি স্টেডিয়াম চত্বরে অনুশীলনের ফাঁকে ম্যানেজার আবদুস সাত্তার রীতিমতো ঘামছিলেন, ‘খুবই টেনশনে আছি, ভাই। জিতলে কথাই নেই, হারলে বোধহয় সব শেষ!’এই সমীকরণটা আবাহনীর জন্যই বেশি প্রযোজ্য। গত তিনবারের বাংলাদেশ লিগ চ্যাম্পিয়নরা এবার নামের প্রতি সুবিচার করতে পারছে না। মাঝে রহমতগঞ্জের কাছে হেরে আশা প্রায় শেষই হয়ে যায়। মুক্তিযোদ্ধা টানা দুই ম্যাচে ৫ পয়েন্ট হারানোয় আবার লড়াইয়ে ফেরা গেছে। আকাশি-নীলদের জন্য এটা তাই সুবর্ণ সুযোগ।জমজমাট এক ম্যাচেরই প্রতিশ্রুতি দিচ্ছে দুই দল। মুক্তিযোদ্ধার অধিনায়ক রজনী মাঠে আসার জন্য আহ্বান জানিয়েছেন দর্শকদের, ‘মাঠে আসুন। আপনারা ভালো খেলাই দেখবেন।’ অনেক দিন ধরেই ঘরোয়া ফুটবলে দর্শক নেই। আজ বিকেল সোয়া চারটায় শুরু হতে যাওয়া আবাহনী-মুক্তিযোদ্ধার এই লড়াই মাঠে দর্শক আসার ডাকও।তবে আবাহনীর ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমির ভাবনায় শুধুই জয়। কাল অনুশীলন শেষে ভাঙা ভাঙা ইংরেজিতে স্বভাবসুলভ ক্ষীণস্বরে বললেন, ‘ইফ উই উইন, উই উইল চ্যাম্পিয়ন! দিস ইজ আওয়ার ফাইনাল!’‘হ্যাঁ, ফাইনালই’—তিন হলুদ কার্ডের জন্য আজ বাইরে থাকা আবাহনীর অধিনায়ক প্রাণতোষ বলছিলেন। তবে দলের ওপর আস্থা রাখছেন শতভাগ, ‘কম্বোডিয়ায় যেভাবে খেলেছি সেভাবে খেলতে পারলে মুক্তিযোদ্ধার সঙ্গে জিতব এবং আমরাই চ্যাম্পিয়ন হব।’কম্বোডিয়ায় এএফসি প্রেসিডেন্টস কাপে ‘ভালো খেলেও’ আবাহনী গোল করতে পারেনি প্রথম দুই ম্যাচে। তাতেই টুর্নামেন্ট থেকে বিদায়। শেষ ম্যাচটায় পাওয়া জয়টা ছিল আত্মতৃপ্তির। গোল করার ব্যর্থতাই সবচেয়ে বড় সমস্যা ছিল আবাহনীর, যেটা মৌসুমজুড়েই ভোগাচ্ছে দলটিকে। প্রাণতোষের জায়গায় আজ খেলবেন ঘানার আমিনু, থাকছেন অন্য তিন বিদেশি—ইব্রাহিম, সামাদ ও ফ্রাঙ্ক।মুক্তিযোদ্ধা এই ম্যাচে পাচ্ছে বুকোলা ওলালেকানকে। অসুস্থ হয়ে দেশে ফিরে যাওয়ার ১৫ দিনের মধ্যে হঠাৎই এই নাইজেরিয়ান ফরোয়ার্ড এসে হাজির। লিগের শীর্ষ গোলদাতা জেমস মগার (১৫টি) সঙ্গে স্থানীয় স্ট্রাইকার মিঠুন চৌধুরী (১৩ গোল) দুই ম্যাচ পর ফিরছেন। কোচ মারুফুল বুকোলাকে পেয়ে খুশি, ‘বুকোলাকে পাওয়া আমাদের জন্য বিরাট সুবিধা। ম্যাচটা আমাদের জন্য অবশ্যই ফাইনাল। জয় ছাড়া আর কিছুই ভাবতে পারছি না।’বাইরে থেকে ড্র প্রত্যাশা করছে শেখ জামাল-রাসেল। ড্র হলে যে তাদেরই লাভ!