আবাহনী-মেরিনার্স নাটকীয় ড্র

শেষ বাঁশির কয়েক সেকেন্ড আগে মেরিনার ইয়াংসের আরশাদ করে ফেললেন ৩-৩। ৩-২ গোলে পিছিয়ে পড়া ম্যাচে আবাহনীকে রুখে দেওয়া গেল। কদিন আগে ক্লাব কাপে ভালো খেলেও আবাহনীর কাছে ৩-২ গোলে হারটা মেরিনার্সকে বিঁধছিল কাঁটার মতো। কাল প্রিমিয়ার লিগে অন্তত ড্র করে হলেও আবাহনীর জয়ের ধারা তারা থামিয়ে দিতে পেরেছে।
আবাহনী-মেরিনার্স ম্যাচ বহু নাটকের জন্ম দিয়েছে অতীতে। দুই দলের ম্যাচ ঘরোয়া হকির অন্যতম বড় বিজ্ঞাপনও। মওলানা ভাসানী স্টেডিয়ামে এই ম্যাচও ব্যতিক্রম ছিল না। হারের মুখে পড়েও হার মানেনি মেরিনার্স। অবশ্য ৭ মিনিটে তপুর গোলে এগিয়ে গিয়েছিল তারাই। কিন্তু এরপর তিনটি গোল করে ম্যাচের রংটাই বদলে দেয় আবাহনী। রুম্মান করেন ১-১, দুই পাকিস্তানি খেলোয়াড় শাফকাত ও ইরফানের গোলে ৪৯ মিনিটের মধ্যে স্কোরলাইন ৩-১।
কিন্তু হকি ম্যাচ বলেই দুই গোলে এগিয়ে গিয়েও স্বস্তিতে থাকতে পারেনি আবাহনী। মেরিনার্স ঘুরে দাঁড়িয়েছে স্থানীয় তরুণ খেলোয়াড়দের অদম্য ইচ্ছাশক্তিতে। আবাহনীতে খেলেছেন পাঁচ পাকিস্তানি, মেরিনার্সে এক পাকিস্তানি ও এক কেনিয়ান। তবে শুধু বিদেশিরাই আলো কেড়ে নিতে পারেননি। ম্যাচের ছয় গোলের চারটিই যে স্থানীয়দের!
দুই গোলে এগিয়ে যাওয়া আবাহনী একটু আত্মতুষ্ট হয়ে পড়ে। এই সুযোগে ৬৪ মিনিটে পেনাল্টি কর্নারের গোলে মেরিনার্সকে ম্যাচে ফেরান মামুনুর (৩-২)। অন্তিম মুহূর্তে আরশাদ ৩-৩ করতেই তাদের আনন্দ যেন বাঁধভাঙা।
তিন ম্যাচে মেরিনার্সের পয়েন্ট ৪। চতুর্থ ম্যাচে এসে প্রথম ড্রয়ে আবাহনীর পয়েন্ট ১০। দিনের অন্য ম্যাচে রেলওয়েকে ১১-০ গোলে উড়িয়ে দিয়েছে সোনালী ব্যাংক।
আজকের খেলা: আজাদ-ওয়ারী, মোহামেডান-সাধারণ বীমা (বেলা ২টা ও বিকেল ৪টা, মওলানা ভাসানী স্টেডিয়াম)