আবাহনী-মোহামেডান ঝাঁজ বুঝলেন তাঁরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষে পুলিশি প্রহরায় নিয়ে যাওয়া হলো হংকংয়ের আম্পায়ার খালেদ হোসেন ও সিঙ্গাপুরের হরি শরণকে। দেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আবাহনী-মোহামেডান মুখোমুখি হবে, তাই ম্যাচ শুরুর আগে আম্পায়ারদের ডেকে ফেডারেশন কর্তারা পরিস্থিতি অনুযায়ী ‘করণীয়টা’ বুঝিয়েও দিয়েছিলেন। কিন্তু বাংলাদেশে ম্যাচ পরিচালনা করা যে কতটা কঠিন, তা হাড়ে হাড়ে টের পেলেন দুজন।
আবাহনী-মোহামেডান ম্যাচ এখনো উত্তাপ ছাড়ায়! আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে তর্ক জুড়ে মোহামেডানের খেলোয়াড়েরা খেলা বন্ধ রাখলেন মিনিট বিশেক। গ্যালারি থেকে উত্তেজিত দর্শকদের ছোড়া ইটের টুকরো, স্যান্ডেল, চায়ের ফ্লাস্ক এসে পড়ল ফটোসাংবাদিকদের গায়ের ওপর। ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক উপায় না দেখে মাঠে গিয়ে কথা বলেন আম্পায়ারদের সঙ্গে। কথা বলেন দুই দলের কর্মকর্তাদের সঙ্গেও। অবশেষে সন্ধ্যা নামার আগেই শেষ হলো খেলা। প্রিমিয়ার লিগের কালকের ম্যাচে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে আবাহনী। ড্রয়ে ক্ষতিটা হয়েছে আবাহনীরই। ৫ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আকাশি-নীল দলটি। ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে মোহামেডান। ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে ঊষা।
কদিন আগেই ক্লাব কাপে আবাহনীর কাছে পরাজিত মোহামেডান সেই হারের শোধ নিতে শুরু থেকেই খেলছিল দাপটের সঙ্গে। ৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে তাসওয়ার আব্বাস গোল করে এগিয়ে নেয় মোহামেডানকে। ১৩ মিনিটে সমতায় ফেরায় আবাহনী, পিসি থেকে গোল করেন তৌসিক আরশাদ। এরপর ২৮ মিনিটে শাফকাত রসুলের দুর্দান্ত এক হিটে স্কোরলাইন ২-১ করে আবাহনী। পেনাল্টি কর্নার থেকে ৪৮ মিনিটে আবারও সমতা ফেরান তাসওয়ার আব্বাস।
৩ পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করতে তখন মরিয়া দুই দলই। শেষ বাঁশি বাজার মিনিট তিনেক আগে আম্পায়ার হরি পেনাল্টি কর্নারের সিদ্ধান্ত দেন মোহামেডানের অনুকূলে। কিন্তু আবাহনীর কাসিফ আলী ওই পেনাল্টি কর্নারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ করেন। কাসিফের আবেদনের পরিপ্রেক্ষিতে সহকারী খালেদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত বদলান হরি। এতেই যেন আগুনে ঘি ঢালা হয়! মোহামেডান অধিনায়ক রাসেল মাহমুদ জিমি এসে ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানান। একে একে তাঁর সতীর্থরাও আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন। ডাগ-আউট থেকে মারমুখী ভঙ্গিতে ছুটে আসেন আসাদুজ্জামান চন্দন। ততক্ষণে গ্যালারিও উত্তেজিত। বন্ধ হয়ে যায় খেলা।
ক্লাব কাপ ও লিগের কিছু ম্যাচ পরিচালনা শেষে ওমানের দুই আম্পায়ার গত সপ্তাহে ফিরে গেছেন দেশে। এরপরই হংকং ও সিঙ্গাপুরের এই দুজন এসেছেন ম্যাচ পরিচালনা করতে। কিন্তু তাঁদের সিদ্ধান্ত নিয়েও খেলোয়াড়েরা যেভাবে আপত্তি তুলছে, তাতে খেলার পরিবেশ সুষ্ঠু রাখতে পারাটা একটা বড় চ্যালেঞ্জ।