আবাহনী-মোহামেডান ম্যাচে ‘সার্কাস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকি মাঠে চিরকালীন রঙ্গ-তামাশার আরেকটি বড় পর্ব কাল মঞ্চস্থ হলো। ৭০ মিনিটের ম্যাচ শেষ হয়েছে আড়াই ঘণ্টায়! দুবার ২৫ ও ৩০ মিনিট করে খেলা বন্ধ ছিল। শেষ পর্যন্ত আবাহনী-মোহামেডান ‘ম্যারাথন’ ম্যাচের স্কোরলাইন ১-১। ‘মেরুদণ্ডহীন’ দুই ভারতীয় আম্পায়ার অসংখ্য ভুল সিদ্ধান্ত দিয়ে ম্যাচটাই ‘শেষ’ করে দিয়েছেন। তাঁদের প্রায় সব সিদ্ধান্ত নিয়েই গোলমাল বেধেছে। খেলোয়াড়দের অসহিষ্ণু আচরণ তো ছিলই। ধাক্কাধাক্কি হয়েছে কয়েকবার। সিদ্ধান্ত দিয়েই চাপের মুখে ফেডারেশনের টেকনিক্যাল কমিটির শরণাপন্ন হয়েছেন দুই আম্পায়ার। ওই কমিটির চেয়ারম্যান শামসুল বারীর ভূমিকা ছিল কাঠের পুতুলের মতো।মাঠে মোহামেডানের গোলরক্ষক শাকিল করেছেন ক্ষমার অযোগ্য অপরাধ। স্টিক হাতে পোস্ট থেকে মাঝমাঠে দৌড়ে এসে ঘটনাপরম্পরায় মাস্তানের মতো আবাহনীর পাকিস্তানি মিডিও মুদাসসরকে আঘাত করেছেন। আম্পায়ার শাকিলকে লাল কার্ড দিতে সাহস পাননি। বিস্ময়করভাবে দিয়েছেন হলুদ কার্ড (তবে মাঠে নামার সুযোগ আর দেওয়া হয়নি তাঁকে)! লাল কার্ড তো কমই, শাকিল অন্তত এক বছর নিষিদ্ধ হওয়ার মতো অপরাধ করেছেন।৭ মিনিটে জিমির গোলে এগিয়ে যায় গোটা ম্যাচেই দাপট দেখানো মোহামেডান। দুই মিনিট পরই পুষ্কর খীসা ১-১ করেন। এদিন আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার আবাহনীই বেশি হয়েছে। তবে খেলা বয়কট না করে তারা প্রশংসাই পেয়েছে। ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট—আকাশি-নীলের শিরোপাস্বপ্ন শেষ। ৩৭ পয়েন্ট পাওয়া শীর্ষ দল মোহামেডান ঊষার সঙ্গে ড্র করলেই চ্যাম্পিয়ন।