আবাহনী-মোহামেডান ম্যাচেই বিদায় নিচ্ছেন আলফাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো প্রতিদ্বন্দ্বিতার ঐতিহাসিক আবেদন অনেক আগেই ফিকে হয়ে গেছে। আবাহনী-মোহামেডান ম্যাচ এখন অনেকটাই রাজ্যহারা দুই রাজার লড়াই। যেখানে ‘অস্ত্রের ঝনঝনানি’ নেই, বাজে না যুদ্ধের দামামা। এটি এখন শিরোপা-নির্ধারক ম্যাচও নয়!দুই প্রধানের আজকের লিগ লড়াইটাও তেমনই। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আবাহনী দৌড়াচ্ছে শিরোপা-দৌড়ে। সমান ম্যাচে ২০ পয়েন্ট পাওয়া মোহামেডান অনেক পেছনে, চারে। চ্যাম্পিয়ন হওয়ার কোনো সম্ভাবনাই নেই সাদা-কালোদের। সেদিক থেকে এই ম্যাচটার গুরুত্ব শুধু আবাহনীর কাছেই।‘জিততেই হবে’ পরিস্থিতিতে পড়ে আকাশি-নীলরা ভীষণ চাপে। জয় চাই তাদের। আর সেই লক্ষ্যে কাগজে-কলমে মোহামেডানের চেয়ে এগিয়েই আছে আবাহনী। তবে এ ম্যাচে কাগজে-কলমে এগিয়ে থাকা দল সব সময় জেতে না। লড়াই জেতে স্নায়ুজয়ী দল। আজও এটিই হয়তো বলবে মাঠের খেলা।ম্যাচটা আলো কাড়ছে আরেকটি কারণে। ২০০৮ সালে জাতীয় দল থেকে অবসর নেওয়া আলফাজ আহমেদ আজ ঘরোয়া ফুটবলকেও বিদায় নিচ্ছেন। সাদা-কালো জার্সি পরে নামবেন প্রথম একাদশেই। এই স্ট্রাইকারের বিদায়বেলায় তাঁকে জয়ই উপহার দিতে চায় মোহামেডান।লিগের প্রথম পর্বে আবাহনী জিতেছে ২-০ গোলে। সব মিলিয়ে পেশাদার লিগের ১১ সাক্ষাতে আবাহনীর চার জয়ের বিপরীতে মোহামেডানের জয় মাত্র দুটি। পাঁচ ড্র। সুতরাং গত কয়েক বছরের লিগ পরিসংখ্যান কথা বলছে আবাহনীর হয়েই। ইরানি কোচ আরদেশির পোরনেমাতের এই আবাহনী খেলছে প্রতি-আক্রমণনির্ভর ফুটবল। মোহামেডানের মূল শক্তি গতি। দ্রুত আক্রমণে ওঠে। উইং ব্যবহারে এই লিগের অন্যতম সেরা সাদা-কালোরাই। কিন্তু তাদের সমস্যার নাম ধারাবাহিকতার অভাব।এ সুযোগটাই নিতে পারে আবাহনী। লিগ লড়াইয়ে থাকতে শেষ তিন ম্যাচেই জিততে হবে আকাশি-নীলদের, আজ প্রথম প্রতিপক্ষই মোহামেডান বলে চ্যালেঞ্জটা একটু কঠিন। পয়েন্ট হারালে আবাহনীর শিরোপাস্বপ্ন হয়ে পড়বে ধূসর।আজ তাই জয় ছাড়া কিছু ভাবছেন না কোচ পোরনেমাত, ‘আমার কাছে এটা শুধুই আরেকটি বড় ম্যাচ। তিনটি ম্যাচ জিতে আমরা নিজেদের কাজটা করে রাখতে চাই।’ মোহামেডানের কোচ সাইফুল বারী তুলনামূলক নির্ভার, ‘আমরা শিরোপা লড়াইয়ে নেই। তবে আবাহনীকে হারিয়ে নিজেদের যতটা সম্ভব ওপরের দিকে নিতে চাই।’আগের মতো কথার তুবড়ি ছোটে না কোচদের মুখে। দুই শিবিরই নিরুত্তাপ। তবে অলক্ষে দুই প্রধানের নস্টালজিক অতীত ফিরে আসছে বারবার। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৭টায় শুরু ম্যাচ খেলাতেও অতীত ফিরিয়ে আনবে?