আবাহনী-মোহামেডান যুগ্ম চ্যাম্পিয়ন!
আরও একবার বাইলজকে দলিত-মথিত করল হকি ফেডারেশন। আবাহনী-মোহামেডানকে হকি লিগে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করে গোটা হকি অঙ্গনকেই বিস্মিত করে দিয়েছে খন্দকার জামিলউদ্দিনের নেতৃত্বাধীন ফেডারেশন।দুই প্রধানের আকর্ষণীয় লিগ লড়াইয়ে আবাহনী ৫-২ গোলে জেতার পর যখন সবাই প্লে-অফ কবে সেটা জানতে উদগ্রীব, তখনই রাতে ফেডারেশন জানিয়ে দিল প্লে-অফ হবে না! দুদল যুগ্ম চ্যাম্পিয়ন! আবাহনী-মোহামেডান দুদলেরই ১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট। বাইলজ অনুযায়ী পয়েন্ট সমান হলে প্লে-অফ, প্রয়োজনে টাইব্রেকার। কিন্তু খেলা টেবিলে শেষ করার সুযোগ নেই। অথচ বাইলজকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হলো আরও একবার। নিয়মের তোয়াক্কা না করে নিজেদের সুবিধামতো সিদ্ধান্ত নিয়ে জমে ওঠা লিগ টেবিলেই শেষ করে দেওয়া হলো!প্লে-অফের ব্যাপারে সিদ্ধান্ত নিতে রাতে সভায় বসেছিল হকির লিগ কমিটি। সেই সভায় ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক খোন্দকার জামিলউদ্দিন। তিনি জানাচ্ছেন, দুদলই বিদেশি আম্পায়ার ছাড়া খেলবে না বলেছে। দুই মালয়েশিয়ান আম্পায়ার থাকবেন না। স্থানীয় আম্পায়ার নিয়ে খেলা চালালে লিগ ভণ্ডুল হওয়ার আশঙ্কা আছে। তাই লিগ কমিটির যগ্ম সম্পাদক ওয়ারী ক্লাবের প্রতিনিধি মিজান সাহেবের প্রস্তাব ছিল যুগ্ম চ্যাম্পিয়নশিপ। দুদলই তা মেনে নিয়েছে। দুদল বিদেশি আম্পায়ার ছাড়া খেলতে না চাইলে ফেডারেশন কী করতে পারে!’দুদল চাইলেই ফেডারেশন মেনে নেবে! তাহলে বাইলজের প্রয়োজন কী? এই প্রশ্ন জোরালোভাবে উঠছে। প্লে-অফ খেলা হতে পারে ধরে নিয়েই বিদেশি আম্পায়ার আনার কথা। তা ছাড়া স্থানীয় আম্পায়ার দুই প্রধানের খেলা পরিচালনা করলে গন্ডগোল হবেই, এটিই বা কেমন যুক্তি?আবাহনীই যুগ্ম চ্যাম্পিয়নশিপ চাইছিল বলে দাবি মোহামেডানের হকি সম্পাদক সাজেদ আদেলের, ‘আমরা কাল (আজ) প্লে-অফ খেলতে চেয়েছি। আবাহনী এক দিন পর। নিরপেক্ষ একজনের যুগ্ম চ্যাম্পিয়নের প্রস্তাবে আবাহনী প্রথমে সায় দেয়। আমরাও শেষ পর্যন্ত সাড়া দিয়েছি।’আবাহনীর কর্মকর্তা মাহবুব হারুন বলছেন, ‘বিদেশি আম্পায়ার ছাড়া আমরা খেলব না বলেছি। প্লে-অফের জন্য চেয়েছিলাম এক দিন সময়। কিন্তু পরশু পর্যন্ত (কাল) বিদেশি আম্পায়ার রাখতে পারবে না ফেডারেশন। তাই যুগ্ম চ্যাম্পিয়নশিপে দুদলই রাজি হয়েছে।’ টেবিলেই সিদ্ধান্ত হলে বাইলজের দরকার কী? এই প্রশ্নে সাবেক তারকা খেলোয়াড় উল্টো প্রশ্ন করলেন, ‘বাইলজ থাকলেই তা মানা না-মানার কথা। হকিতে বাইলজ বলে কিছু আছে নাকি! এখানে যখন যা দরকার, তাই বাইলজ।’অথচ হকি লিগটা কী দারুণভাবেই না শেষ হতে পারত! বিকেলে দুই প্রধানের ম্যাচটি ছিল খুবই উপভোগ্য। খেলা ছিল উঁচুমানের। প্লে-অফ হলে লিগের শেষটা খুবই জমজমাট হতো।‘জিততেই হবে’ ম্যাচে আবাহনী তুলনামূলক অনেক ভালো খেলল। বরাবরই এগিয়ে ছিল নীল-হলুদরা। তারা ১-০ করার পর ১-১ হলো, তারপর ২-১ করলে ২-২। এটা প্রথমার্ধে। কিন্তু দ্বিতীয়ার্ধে তিন গোল করে ম্যাচটা নিজেদের করে নিয়েছে আবাহনী। এই অর্ধে মোহামেডানকে খুঁজেই পাওয়া যায়নি মাঠে। লিগের প্রথম লড়াইয়ে আবাহনীকে ৩-০ গোলে হারিয়েছিল মোহামেডান। আবাহনীর পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ সোহেল আব্বাসকে সুবিধাই করতে দেওয়া হয়নি। কিন্তু এ দিন আবাহনীর চার পেনাল্টি কর্নারের দুটিতেই গোল করলেন পাকিস্তানি তারকা। তাঁর কাছেই হারল মোহামেডান। তরুণ পুষ্কর খীসা করলেন দুই গোল। পাকিস্তানি মুদাসসর অন্যটি। মোহামেডানের প্রথম গোল মুসা মিয়ার, দ্বিতীয়টি পাকিস্তানি মোহাম্মদ সাব্বিরের।ম্যাচের পর যেন শিরোপা জয়েরই আনন্দ ছিল আবাহনীর। যুগ্ম চ্যাম্পিয়ন হওয়া তো আবাহনীরই জয়!