তিন স্তরে ভাগ করে আগামীকাল মাঠে নামছে প্রিমিয়ার ফুটবল লিগ।
১০ দলের সর্বোচ্চ এই লিগে অবধারিতভাবে ফেবারিট সদ্য ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি। নিজস্ব মাঠ, ফিজিও, ট্রেনার, বিদেশি কোচ, মাঠে-মাঠের বাইরে ষোলো আনা পেশাদারি মনোভাব অন্যদের সামনে শেখ জামালকে আদর্শ হিসেবেই তুলে ধরছে।
দুই ঐতিহ্যবাহী আবাহনী-মোহামেডানের জন্যই এটা বড় শিক্ষা। কীভাবে তিন মাস আগে বিদেশি খেলোয়াড়-কোচ এনে প্রস্তুতি শুরু করতে হয়, কীভাবে দল ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা যায়, এসবই শেখ জামালের কল্যাণে দেখছে ঘরোয়া ফুটবল।
গতবারের ট্রেবলজয়ী শেখ রাসেলের কোচ মারুফুল হকের কথাটা প্রাসঙ্গিক। তিনি বললেন, ‘মাঠে চ্যাম্পিয়ন হওয়ার আগে মাঠের বাইরে চ্যাম্পিয়ন হতে হয়। এবার সেই চ্যাম্পিয়ন শেখ জামাল।’
কিন্তু দুই ঐতিহ্যবাহী আবাহনী এবং মোহামেডানের মতো শেখ জামালের সমর্থক গোষ্ঠী নেই। দর্শক সমর্থন নিয়েও মাঠে অনুজ্জ্বল আবাহনী-মোহামেডান। এটা প্রমাণিত সত্য, আবাহনী-মোহামেডান ভালো খেললেই মাঠে দর্শক আসে। খারাপ করলে গ্যালারি খাঁ খাঁ। তাই আবাহনী-মোহামেডানের ভালো ফল করা ফুটবলের জন্য এখন যেন মৃতসঞ্জীবনী।
তবে প্রতিদ্বন্দ্বিতা যে বেড়েছে, এটাও লিগের জন্য ইতিবাচক। শেখ রাসেল, সদ্য ফেডারেশন কাপজয়ী শেখ জামাল তো আছেই, বিজেএমসি-মুক্তিযোদ্ধাও বড় দলগুলোর জন্য কাঁটা হতে পারে। তাই সপ্তম পেশাদার লিগ শুরুর আগে মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিকের মুখে শোনা যায়, ‘এবার লিগটা উত্তাপ ছড়াবে মনে হচ্ছে। শিরোপার দাবিদার অনেকেই। একটা লিগ জমে ওঠার জন্য এমন প্রতিদ্বন্দ্বিতাই প্রয়োজন।’
ফুটবল বিশ্লেষকেরা একই সঙ্গে আবাহনী-মোহামেডানের ঘুরে দাঁড়ানোকেও গুরুত্বপূর্ণ ভাবছেন। আবাহনী প্রথম তিনটিসহ চারবারের লিগজয়ী। একবার করে জিতেছে শেখ জামাল ও শেখ রাসেল। মজার ব্যাপার, মোহামেডান এখনো পেশাদার লিগ জিততে পারেনি। গত কয়েকটা লিগে তো মোহামেডানকে চেনাই যায়নি।
এ মাসেই মোহামেডান আনছে রুই ক্যাপেলা নামের এক পর্তুগিজ কোচ। কিন্তু মোহামেডানের নিজস্ব মাঠ কোথায়? ক্লাবের উঠোনে অনুশীলন চলে বেশির ভাগ দিনই। দলের সঙ্গে কোনো ট্রেনার নেই। আবাহনীর নিজস্ব মাঠ থাকলেও তারাও ট্রেনারবিহীন। পেশাদারি নেই এই ক্লাবগুলোর। ছয়টি পেশাদার লিগ পেরিয়ে গেলেও আজ পর্যন্ত একটা স্থায়ী পরিকাঠামো গড়ে তোলেনি আবাহনী-মোহামেডান।
কদিন আগে অস্ট্রেলিয়ান কোচ নাথান হলকে বিদায় করে দিয়েছে আবাহনী। কারণটা অবাক করা। হল আবাহনীর খেলোয়াড়দের থাকা-খাওয়ার পরিবেশ উন্নত করার তাগিদ দিয়েছিলেন। বিদেশি খেলোয়াড়দের রাখতে চেয়েছিলেন হোটেলে। মাঠের বাইরের বিষয়ে উচ্চকণ্ঠ হলকে শেষে চাকরিই ছেড়ে যেতে হলো।
বিদায় নেওয়ার সময় ঢাকা বিমানবন্দর থেকে ফোনে এই প্রতিবেদককে একটা কথাই বলে যান হল, ‘আমি আমার স্বার্থে কিছু বলিনি। খেলোয়াড়দের ভালো থাকা-খাওয়ার কথা বলেছি। এটা ক্লাব না মানলে ক্লাবেরই ক্ষতি।’
মোহামেডানে থাকা-খাওয়ার পরিবেশ ভালো। কিন্তু তাদের সমস্যা অন্যখানে। এই ক্লাবের সুদূরপ্রসারী কোনো পরিকল্পনা নেই। অনেক খেলার সঙ্গে যুক্ত থাকায় ফুটবল নিয়ে আলাদা করে একটু বেশি ভাবার সময় কমে গেছে। খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে প্রায়ই কথা ওঠে মোহামেডানে। খেলোয়াড়েরা অনুশীলন পর্যন্ত বর্জন করেন।
শেখ রাসেলের তো স্থায়ী ঠিকানাই নেই। ভাড়া বাড়িতে ক্যাম্প। মুক্তিযোদ্ধারও একই অবস্থা। পেশাদারি দূরে থাক, ফুটবলকাঠামোই নেই বেশির ভাগ দলের। যেটি গড়ে তুলেছে শেখ জামাল। তাই লোকে বলছে, শেখ জামালকে দেখে আবাহনী-মোহামেডান শিখবে কবে?