আবাহনী-মোহামেডান শুধুই ফাইনাল নয়
আবাহনীর কোচ অমলেশ সেন বললেন, ‘আবাহনী-মোহামেডান ম্যাচ ফুটবলের জন্য খুবই ভালো। মাঠে দর্শক ফিরিয়ে আনার জন্য এটি ভালো ভূমিকা রাখতে পারে।’এটি আসলে সবারই মনের কথা। মোহামেডানের কোচ শফিকুল ইসলাম তো সেমিফাইনালে শেখ জামালকে হারিয়েই বলেছিলেন, ‘ফাইনালে আবাহনীকে চাই।’সেই চাওয়া পূরণ হয়েছে। আগামীকাল দেশের ফুটবল অঙ্গন তিন বছরের মধ্যে দেখছে আবাহনী-মোহামেডান দ্বিতীয় সুপার কাপ ফাইনাল। আর দশটা ফাইনালের গণ্ডি ছাড়িয়ে যে ম্যাচকে এখন ঘরোয়া ফুটবল জাগরণের উপলক্ষ হিসেবেও দেখা হচ্ছে!বাফুফের ভবনে গতকাল দুই দলেরই সংবাদ সম্মেলন হলো। সাধারণত এটি ম্যাচের আগের দিন হওয়ার কথা। কিন্তু দর্শকমহলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনালের আবহটা ছড়িয়ে দেওয়ার তাগিদ থেকেই এটা করা। তা ছাড়া আরও কিছু কারণে এক দিন আগেই সংবাদ সম্মেলন করে দুই দলই জানিয়ে দিল, কোটি টাকার টুর্নামেন্ট জিততে তারা প্রস্তুত।মোহামেডানের কোচ ফাইনালে আবাহনীকে চান মানে এই নয়, আবাহনীকে তিনি খাটো করছেন। কিংবা মুক্তিযোদ্ধার চেয়ে তুলনামূলক দুর্বল ভাবছেন আকাশি-নীলদের। ‘আবাহনী থাকলেই ফাইনালটা জমবে বেশি’—এই হলো শফিকুলের যুক্তি।প্রথম সুপার কাপের ফাইনালে আবাহনীকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান। পেছনে তাকিয়ে প্রতিশোধ নেওয়ার তাগিদ তো দেখছেনই, সেই সঙ্গে জয় দিয়ে অন্তত মৌসুমটা শেষ করতে পারাটাও বড় অর্জন বলে মানছেন আবাহনীর অধিনায়ক প্রাণতোষ, ‘আমরা এবার শুধু ফেডারেশন কাপ জিতেছি। এখন সুপার কাপটা ঘরে তুলে মৌসুম শেষ করতে চাই।’মোহামেডানের অধিনায়ক মৌসুমের শুরুতে এটা ভাবতেই পারেননি। লিগের দ্বিতীয় পর্ব থেকে দারুণ খেলতে থাকা সাদামাটা মোহামেডান এখন শিরোপার আশা ভালোভাবেই করছে! অধিনায়ক হাসান আল মামুন তো বলছেন, ‘ক্লাবকে আমরা কিছু দিতে চাই। সুপার কাপটা জিততে পারলে সেটি হবে ক্লাবের জন্য বড় একটা প্রাপ্তি।’আসল অর্জনটা অবশ্যই ফুটবলের। সংবাদ সম্মেলনে আসা দুই দলের ম্যানেজার আবাহনীর সত্যজিৎ দাস রুপু ও মোহামেডানের আমিরুল ইসলাম বাবুও সেটিই মনে করেন। তাই দর্শকদের কাছে তাঁদের একটাই আবেদন, ‘মাঠে আসুন।’ আগামীকাল বেলা সাড়ে তিনটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু ফাইনালে দর্শকদের জন্য থাকছে এলসিডি টিভি, মেসিদের ম্যাচের টিকিটসহ আরও কিছু পুরস্কার। মাঠে আসছেন তো?গত সুপার কাপে গ্যালারিগুলো ছিল পূর্ণ, ঢুকতে না পেরে ফিরে গেছে ১০-১২ হাজার দর্শক। একই দৃশ্যের পুনরাবৃত্তি যদিও কাম্য, তবে বাফুফে আসলে চায় দর্শকদের মাঠমুখী হওয়ার অভ্যাস। দর্শকই যে খেলার প্রাণ।আশার কথা, দর্শক ফেরাতে সবচেয়ে বড় বিজ্ঞাপন আবাহনী-মোহামেডান ম্যাচটাই হচ্ছে। গত সুপার কাপের পর এটিই দুই প্রধানের প্রথম কোনো ফাইনাল!