শাখাওয়াত রনি টাইব্রেকারে শেষ গোলটি করতেই আবাহনী ছুটল বাঁধভাঙা উচ্ছ্বাসের জোয়ারে। আয়োজক বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্মকর্তাদের চোখ-মুখও তখন চিকচিক করছে। আগামী পরশু দ্বিতীয় সুপার কাপের ফাইনালে মোহামেডানের প্রতিপক্ষ যে আবাহনী!মোহামেডান এই মৌসুমে শক্তির বিচারে অনেক পিছিয়ে। তাই কোনো টুর্নামেন্টের ফাইনালে সাদা-কালোদের পাওয়া একটু অপ্রত্যাশিতই। সেই মোহামেডান পরশু শেখ জামালকে হারিয়ে সুপার কাপ নিজেদের ঘরে রাখার শেষ লড়াইয়ে উন্নীত।কাল মুক্তিযোদ্ধার বিপক্ষে দুবার পিছিয়েও আবাহনী ২-২ করল। অতিরিক্ত ৩০ মিনিট পেরিয়ে টাইব্রেকারে যেভাবে ৫-৪ গোলে জয় ছিনিয়ে নিল, তারই ফল অনেক দিন পর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর আরেকটি রোমাঞ্চকর দ্বৈরথ দেখার সুযোগ দুয়ারে দাঁড়িয়ে। একটা সময় পর্যন্ত ঘরোয়া ফুটবলে আবাহনী-মোহামেডান ফাইনাল ছিল অবধারিত, সেই দিন গত হয়েছে বহু আগেই। তাই পরশুর ফাইনালটা স্থানীয় দর্শকদের কাছে স্বপ্নের ফাইনালই।গত সুপার কাপে এই আবাহনীকে হারিয়েই কোটি টাকা জিতেছিল মোহামেডান। কিন্তু সেই মোহামেডান আর এই মোহামেডানে পার্থক্য অনেক। চমক দিয়ে এবার ফাইনালে উঠলেও ফেবারিট হিসেবে এই মৌসুমে শুধু ফেডারেশন কাপ জেতা আবাহনীর বাক্সেই বেশি ভোট পড়বে।কিন্তু মুক্তিযোদ্ধা কী পেল? ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ, লিগ এবং সবশেষে কোটি টাকার সুপার কাপ—কোনোটিই জেতা হলো না। ব্যর্থ মৌসুম শেষ করল কাগজে-কলমে শেখ জামালের পর দ্বিতীয় সেরা দল গড়া দলটি।অথচ কাল দুবার এগিয়ে গিয়েছিল মুক্তিযোদ্ধা। কিন্তু আবাহনীর উদগ্র জয়ের ইচ্ছার কাছে শেষ রক্ষা হয়নি তাদের। বল পজেশন, পাসিং, জায়গা তৈরি করে খেলা, সবকিছুতেই আবাহনী খেলেছে আবাহনীর মতোই।মৌসুমের অন্যতম সেরা ম্যাচটি উপহার দেওয়া আবাহনীকে দুবারই ম্যাচে ফেরান আক্রমণাত্মক মিডফিল্ডার মোহাম্মদ রবিন। তারপর টাইব্রেকারে ৫টি শটেই গোল। ঠান্ডা মাথায় আবাহনীর ফ্রাঙ্ক, আবুল, ব্ল্যামো, আলফাজ ও রনি গোল করেছেন। আবাহনী যে টাইব্রেকার অনুশীলনটা খুব ভালোভাবে করেছে, সেটি দেখা গেল খেলোয়াড়েরা স্নায়ু ঠিক রেখে জয় ঘরে তোলায়।টাইব্রেকারে মুক্তিযোদ্ধার ড্যামির প্রথম শটে গোল করেছিলেন। তরুণ আলমগীর রানার নেওয়া দ্বিতীয় শট আবাহনী গোলরক্ষক সোহেল হাতে লাগালে ক্রসপিচে প্রতিহত হয়। পরে নাসির, রাজন ও বুকোলা গোল করলেও রানার মিসটাই ম্যাচের ফলনির্ধারক হয়ে দাঁড়ায়। আবাহনীর জয়ের খানিকটা কৃতিত্ব তাই গোলরক্ষক সোহেল পাবেনই।তবে আসল নায়ক অবশ্যই রবিন। স্টাইকার ফ্রাঙ্কের ব্যর্থতা এবং ইব্রাহিমের খানিক নিষ্প্রভ থাকায় মঞ্চটা যেন সাজানোই ছিল তাঁর জন্য। ১৬ মিনিটে বুকোলা একক প্রচেষ্টায় আলতো টোকায় গোল করে মুক্তিযোদ্ধাকে এগিয়ে নিয়েছেন, ২০ মিনিটে ১-১। ইব্রাহিমের ঠেলে দেওয়া বল রবিনের দারুণ গড়ানো শটে মুক্তির পোস্টের গোড়ায় লেগেও বল সৌভাগ্যক্রমে ঢুকে যায় জালে।৪৮ মিনিটে অপ্রতিরোধ্য বুকোলার মাইনাসে তরুণ জাহেদ পারভেজ বাঁ পায়ের দেখার মতো ভলিতে মুক্তিযোদ্ধাকে ২-১ গোলে এগিয়ে দিয়েছেন। কিন্তু ৬৪ মিনিটে সেই রবিন গোলের নেশায় আবারও বক্সে ঢুকে গোলরক্ষক বিপ্লবের পাশ দিয়ে বল প্লেসিং করেছেন জালে।মুক্তিযোদ্ধার কোচ মারুফুল হক দুই মাসের নিষেধাজ্ঞায় ডাগআউটে থাকার অধিকার হারালেও মাঠে ছিলেন। সহকারী কোচ দল পরিচালনা করেছেন তাঁর পরামর্শে। তবে মাঝখানে কর্মকর্তারা ঢুকে নাকি ‘একে ওঠাও, ওকে বসাও’ মাতব্বরি করে বিশৃঙ্খলা তৈরি করেছেন টেন্টে।২-১ এগিয়ে যাওয়ার পর মুক্তিযোদ্ধা রক্ষণাত্মক কৌশল নিলে কী হতো, কে জানে, তবে মুক্তিযোদ্ধা আক্রমণাত্মকই ছিল মাঠে। দুবার এগিয়েও জিততে না পারা মুক্তিযোদ্ধার জন্য ব্যর্থতাই। এই ম্যাচের মাধ্যমে মুক্তিযোদ্ধার সঙ্গে মারুফের সম্পর্ক শেষই মনে করা হচ্ছে।