আবাহনী-মোহামেডানের জয়
দুই দলের কাছেই প্রত্যাশিত ছিল একটা শব্দ—জয়। ঘরোয়া ফুটবলের বড় দুই দল মোহামেডান ও আবাহনী ফেডারেশন কাপের গ্রুপ পর্বে কাল প্রত্যাশামতোই জয় নিয়ে মাঠ ছেড়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মোহামেডান ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। অন্য ম্যাচে যশোর ডিএফএকে ২-০ গোলে হারিয়ে নতুন মৌসুম শুরু করল পেশাদার লিগের চ্যাম্পিয়ন আবাহনী।গত দুটি ফেডারেশন কাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল মোহামেডান। সেই তিক্ত অভিজ্ঞতা এবার অন্তত হচ্ছে না সাদা-কালোদের। টানা দুটি জয়ে শেষ আটে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করল। প্রথম ম্যাচে মোহামেডান রামপুর বয়েজকে হারিয়েছিল ৪-০ গোলে। টানা দুই হারে ফেডারেশন কাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে পুলিশের।আগের ম্যাচে মোহামেডানের হ্যাটট্রিক নায়ক বেনিনের ফরোয়ার্ড ওয়াসু ওলালেকান কাল বেশ নিষ্প্রভ ছিলেন। তবু জয়ের ব্যবধানটা বেশি হতে পারত মোহামেডানের। দুর্দান্ত কিছু সেভ করে কৃতিত্বের দাবি করছেন পুলিশের গোলরক্ষক জাফরুল ইসলাম। ২৯ মিনিটে শরিফুলের পাস থেকে তরুণ সোহেল রানার সাইডভলিতে এগিয়ে যায় মোহামেডান। ৬৯ মিনিটে দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন সোহেল রানা, এবার গোলরক্ষক জাফরুলের হাত ফসকে বল ঢোকে জালে (২-০)। ৬৫ মিনিটে মতিউর মুন্নার পাস থেকে শরিফুল করে দেন ৩-০।বাছাইপর্বে যশোর ভেন্যুর চ্যাম্পিয়ন পুলিশকে নিয়ে শুরু থেকে একটু ভয়ে ছিলেন মোহামেডানের কোচ সাইফুল বারী। তবে জিতেও সন্তুষ্ট নন সাইফুল, ‘এই দল নিয়ে অনেক কাজ করতে হবে।’ পুলিশের কোচ মোহাম্মদ সেলিম ছিলেন বিষণ্ন। তাঁর কথা, ‘আন্তইউনিটের খেলায় যোগ দিতে অনেক খেলোয়াড়ই বাইরে। যাদের পেয়েছি, তাদের নিয়েই খেলতে হয়েছে। এভাবে বড় দলের বিপক্ষে লড়াই করা কি সম্ভব?’জয়ে শুরু আবাহনীর: প্রতিপক্ষ আবাহনী বলেই হয়তো ২-০ গোলে হেরেও ম্যাচ শেষে যশোর ডিএফএর খেলোয়াড়েরা উল্লাস করলেন। ডিফেন্ডারদের ভুলে তিন মিনিটের ব্যবধানে যশোরের দলটি হজম করে গোল দুটি। ওই সময়টুকু বাদ দিলে আবাহনীকে ঠেকিয়েই রেখেছিল বড় মঞ্চে নবাগত যশোর ডিএফএ। আবাহনীর গোলদাতা এবার দলে নতুন আসা ফরোয়ার্ড আবদুল বাতেন (কোমল) ও ডিফেন্ডার আতিকুর রহমান (মিশু)।আবাহনী কাল একমাত্র বিদেশি হিসেবে ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে নামায় লাইবেরিয়ান মিডফিল্ডার ক্লেটাস ব্লামোকে। গত মৌসুমে পুরোটা সময়ই ডাগ-আউটে বসা এনামুলকে এবার মৌসুমের প্রথম ম্যাচেই সুযোগ দেন কোচ অমলেশ সেন। কিন্তু এনামুল সারা মাঠ দৌড়ঝাঁপ করেও প্রত্যাবর্তন ম্যাচে গোলের দেখা পেলেন না। ৭১ মিনিটে তাঁকে তুলে নেন কোচ।শুরু থেকেই আবাহনী আক্রমণে যায়। ২৫ মিনিটে ডান প্রান্ত দিয়ে কোমলের দারুণ এক শটে এগিয়ে যায় আকাশি নীলরা। দুই মিনিট পর কোমলেরই ক্রস থেকে ব্যবধান বাড়ান মিশু। দুর্ভাগ্য রনির, ৪৪ মিনিটে তাঁর চমৎকার শটটি ক্রসবারে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে আবাহনীর খেলা দেখে মনে হলো, যেন ৩ পয়েন্ট পেলেই বর্তে যায়। কোচ অমলেশ সেনের অসন্তোষ, ‘আমাদের আরও বেশি ব্যবধানে জেতা উচিত ছিল।’ব্রাদার্স-রহমতগঞ্জ ড্র: কমলাপুর স্টেডিয়ামে ব্রাদার্স ও রহমতগঞ্জ ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।