আবাহনী-মোহামেডানের পর গাজী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যাড পরে কতক্ষণ আর অপেক্ষা করবেন! অলক কাপালিকে পাশে পেয়ে শাহরিয়ার নাফীস অনুকরণ করে দেখাতে শুরু করলেন আন্তর্জাতিক ক্রিকেটারদের কার কেমন স্টান্স। অলকও কম যান না। ইংল্যান্ড ‘এ’ দলের কোনো এক ক্রিকেটারের স্টান্স দেখাতে গিয়ে ব্যাটটা এমনভাবে মাটিতে দাঁড় করিয়ে রাখলেন যেন ওটা ধরার জন্যই ধরা!স্টান্স নিয়ে মাঠের বাইরে অলক-শাহরিয়ারের এই দুষ্টুমিই যা একটু মজা দিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ম্যাচে। নইলে তাঁদের দল গাজী ট্যাংকের কাছে ওরিয়েন্টের ৯ উইকেটে হারা ম্যাচটাতে আর কোনো প্রাণ ছিল না। ফতুল্লায় বিকেএসপির বিপক্ষে ওল্ড ডিওএইচএসের ১০ উইকেটে জেতা ম্যাচও ছিল একই রকম একপেশে। কিছুটা উত্তেজনা ছিল কেবল বিকেএসপিতে। সিসিএস এই ম্যাচে ১৩ রানে জিতেছে সূর্যতরুণের বিপক্ষে। সকালের কুয়াশা কালও তিন ভেন্যুতেই ম্যাচকে করেছে বিলম্বিত। এতে মিরপুর আর ফতুল্লায় হয়েছে ৩৩ ওভারের ম্যাচ, বিকেএসপিতে ৩১ ওভারের।দুই ওপেনার মোহাম্মদ মিঠুন আর নাসির হোসেন মিলেই গাজীকে প্রায় উতরে দিচ্ছিল ওরিয়েন্টের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য। ১৫তম ওভারেই জুটিতে ১০০ পূর্ণ, ওই ওভারেই পরপর দুই বলে ফিফটি পান মিঠুন-নাসির। দলের ১১৮ রানে মিঠুন আউট হয়ে গেলে প্রতীক্ষার অবসান হয় মাঠের বাইরে প্যাড পরে বসে থাকা ওয়ানডাউন ব্যাটসম্যান শাহরিয়ারের। নাসির জয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তাঁকে নিয়েই। মাত্র ১টা উইকেট ফেলতে পারলেও ওরিয়েন্ট বোলাররা আরেকটা দিকে দারুণ ‘সফল’ কাল। পুরো ইনিংসে মাত্র তিনটি অতিরিক্ত রান দিয়েছেন তাঁরা, গাজীর ১০০ রানের মধ্যে তো অতিরিক্ত ছিল মাত্র ১! এর আগে ৩৩ ওভারের ম্যাচেই দারুণ ‘ধৈর্যশীল’ ব্যাটিং দেখালেন ওরিয়েন্ট ব্যাটসম্যানরা। প্রথম ৫ ওভারে রান ছিল ১৮/০, ১০ ওভারে ২৮/১! কালকের জয়ের পর আবাহনী, মোহামেডানের সঙ্গে সুপার লিগ নিশ্চিত হয়ে গেল গাজী ট্যাংকেরও।বিকেএসপিতে সিসিএসের ব্যাটসম্যানদের অবস্থা এতটাই করুণ ছিল যে ৩১ ওভারের ম্যাচেও ২৮.১ ওভারেই অলআউট দলটা! পাকিস্তানি ব্যাটসম্যান শাহবাজ বাট ৫৫ বলে ৫৬ করেছেন, কিন্তু বাকিদের মধ্যে ২০ রানও করতে পারেনি কেউ। মোহামেডানের বিপক্ষে ৯২ রানের ইনিংস খেলার পর আশরাফুলও যেন একটু ‘দম’ নিচ্ছেন। পরপর দ্বিতীয় ম্যাচে ব্যর্থ। কালকের ৪ রানসহ লিগে ৯ ম্যাচ খেলে আশরাফুলের রান এখন ২৯২, গড় ৩৬.৫। ব্যাটিং-দুর্দশার পরও সিসিএস ম্যাচটা জিতেছে সূর্যতরুণ ব্যাটসম্যানরা ব্যর্থতায় তাদের চেয়েও এগিয়ে বলে। হাতে ১টা উইকেট রেখেও শেষ পর্যন্ত তাদের রান ১১৯।ফতুল্লায় বিকেএসপির ১৩৩ রান ২১.৪ ওভারেই টপকে গেছে ওল্ড ডিওএইচএসের জাভেদ ওমর (৭৩ বলে ৫৩*) ও নাসির জামশেদের (৫৭ বলে ৮০*) উদ্বোধনী জুটিতে। ৯ ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া ওল্ড ডিওএইচএসও এখন দেখছে সুপার লিগের স্বপ্ন।