আবাহনী-মোহামেডানের বড় জয়
এক দল শিরোপা লড়াইয়ে নিজেদের অগ্রগামিতা ধরে রেখে শুরু করতে চেয়েছে দ্বিতীয় পর্ব। আরেক দল নিজেদের জয়ের পাশাপাশি কামনা করেছে প্রতিপক্ষ যেন পয়েন্ট হারায়। আবাহনী তাদের লক্ষ্য পূরণ করেছে। মোহামেডান নিজেদের কাজটা করতে পারলেও আবাহনী যেহেতু পয়েন্ট হরায়নি, তাই প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪ পয়েন্টেই পিছিয়ে থাকল।একটা জায়গায় দুদলের মিল। আবাহনী সিলেটে গিয়ে বিয়ানীবাজারকে যেমন শেরিফের হ্যাটট্রিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে, ফেনীতে মোহামেডানও স্থানীয় সকার ক্লাবের বিপক্ষে আবদুল বাতেনের (কমল) দুই গোলে পেয়েছে বড় জয় (৪-১)। স্বস্তির জয়ে বাংলাদেশ লিগের দ্বিতীয় পর্ব শুরু করল দুই প্রধান। ১৩ ম্যাচে আবাহনীর পয়েন্ট ৩৭, মোহামেডানের ৩৩।কালকের দিনটা শুধু দুই বড় দলের নয়; ছিল শেখ রাসেল ও মুক্তিযোদ্ধা সংসদেরও। শেখ রাসেল নারায়ণগঞ্জে স্থানীয় শুকতারাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা ৩-১ গোলে ব্রাদার্সকে হারিয়েছে।মুক্তিযোদ্ধার এটি চতুর্থ জয় এবং ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে অবনমন বাঁচানোর ব্যাপারে আরও আশাবাদী হয় উঠতে পারল দলটি। ব্রাদার্সে যে কী হয়েছে, প্রথম ছয় ম্যাচেই ১০ পয়েন্ট পাওয়ার পর শেষ ৭ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট পেয়েছে। ব্রাদার্সকে এখনো সেই অবনমন ঠেকানো নিয়েই ভাবতে হচ্ছে।দিনটা সবচেয়ে বেশি মনে রাখবেন বোধহয় আবাহনীর ঘানাইয়ান স্ট্রাইকার শেরিফ দ্বীন মোহাম্মদ। ৪ মিনিটে গোলের খাতা খোলেন, ৫১ ও ৫৫ মিনিটেই আরও দুই গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক (দ্বিতীয় গোলটি ছিল পেনাল্টি থেকে)। এটি শেরিফের প্রথম এবং লিগের ষষ্ঠ হ্যাটট্রিক। তাঁর গোলসংখ্যা হয়ে গেল ১১, যা এখন পর্যন্ত লিগে সর্বোচ্চ। আবাহনীর চতুর্থ গোলটি করেছেন এনামুল।এই ম্যাচ ঘিরে বাড়তি নিরাপত্তা ছিল সিলেট স্টেডিয়ামে। কদিন আগেই ঢাকা মোহামেডান সেখানে খেলতে গিয়ে নিরাপত্তাহীন ছিল। মোহামেডান খেলোয়াড়েরা স্থানীয় দর্শক-সংগঠকের মারধরের শিকার হয়েছেন। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে স্থানীয় আয়োজকেরা এদিন বাড়তি সতর্কতা নেওয়ায় অপ্রীতিকর কিছু ঘটেনি। স্থানীয় দল হারলেও আবাহনীর খেলা দেখে খুশিই হয়েছে স্থানীয় দর্শকেরা।ওদিকে ফেনীর মাঠে এই প্রথম খেলতে নেমে স্থানীয় দর্শকদের হতাশ করেনি মোহামেডান। এমনিতে ফেনীর মাঠ তুলনামূলক ভালো, সেখানকার আয়োজনেও ত্রুটি কম। মাঠে দর্শকও আসে অনেক। প্রথম পর্বে আবাহনীর পরিপূর্ণ স্টেডিয়ামে পেনাল্টিতে ১-০ গোলে জিতেছিল। কালও স্টেডিয়াম ছিল পরিপূর্ণ। আশপাশে বাড়ির ছাদের জায়গা নিয়েছে অনেকে।স্থানীয় দর্শকেরা মোহামেডানের কাছ থেকে ভালো ফুটবল আশা করছিল, তবে চার গোল নিশ্চয়ই নয়। কিন্তু মোহামেডানের তো এতকিছু ভাবার সময় নেই। শুরু থেকেই তারা ঝাঁপিয়ে পড়ল প্রতিপক্ষের ওপর। এমিলিবিহীন মোহামেডানকে এদিন টেনে নিতে ভূমিকা রাখলেন দুই নাইজেরিয়ান বুকোলা ও এমেকা। আগের ম্যাচে হ্যাটট্রিক করা স্ট্রাইকার বুকোলা করেছেন দলের তৃতীয় দল। এমেকা করেছেন দ্বিতীয় গোল। প্রথম আর চতুর্থ গোলটি এনে দিয়েছেন আবদুল বাতেন। ফেনী সকারের আনোয়ার ৩-১ করেছেন।শেখ রাসেলের ৪ গোলের দুটি করেছেন স্ট্রাইকার রনি। বাকি দুই গোল রাজন ও মারুফের। এবারের লিগে এখন পর্যন্ত এটিই রাসেলের সবচেয়ে বড় দল। তবে লিগ লড়াইয়ে দলটি অনেকটাই পিছিয়ে পড়েছে। শীর্ষে থাকা আবাহনী তাদের চেয়ে এগিয়ে ৭ পয়েন্টে। ওদিকে শুরুর ধাক্কা সামলে উঠে মুক্তিযোদ্ধা এগিয়ে চলেছে বেশ ভালোভাবে। প্রথম ৫ ম্যাচেই হেরে যাওয়া দলটি ষষ্ঠ ম্যাচে ড্র করে ঘুরে দাঁড়ানো শুরু করে। প্রথম পর্বের সব বিদেশিকে বাদ দিয়ে নতুন করে গতবার চট্টগ্রাম মোহামেডানে খেলা আফ্রিকান রাফায়েলকে দলে নিয়েই ফল পেয়েছে। কাল রাফায়েল ৩৫ ও ৪১ মিনিটে দুই গোল করে জয়ের পথে নিয়ে যান মুক্তিযোদ্ধাকে। জালাল ৬১ মিনিটে ৩-১ করেন, পরের মিনিটেই তরুণ ৩-১ করলেও লিগে নিজ দলের পঞ্চম পরাজয় ঠেকাতে পারেনি।শুকতারা কালও হেরে যাওয়ায় তাদের পয়েন্ট ৭-ই আছে।