আবাহনী-রাসেল ম্যাচের অন্য মাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাহনী বা শেখ রাসেলের জন্য স্বাধীনতা কাপের সেমিফাইনালে ওঠা রুটিন কাজই। দুই পরাশক্তির যেকোনো একটি সেমির আগে বাদ পড়ে গেলে সেটিই বরং তাদের জন্য ব্যর্থতা।বাস্তবতা হলো এই, আজ এই দুই দলের এক দলকে বিদায় নিতে হচ্ছে স্বাধীনতা কাপের মঞ্চ থেকে। ‘বি’ গ্রুপে দুই দলই পেয়েছে দুই ম্যাচে ৬ পয়েন্ট। আজ মুখোমুখি লড়াইয়ে দুই দল লড়বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমির টিকিট পেতে। শেখ রাসেল ড্র করলেই গোল বেশি করায় গ্রুপ চ্যাম্পিয়ন। দুই দলেরই গোলগড় সমান তিন। রাসেল গোল করেছে পাঁচটি, খেয়েছে একটি। আবাহনী ৪/১। একটি গোল বেশি করে সুবিধাজনক জায়গায় রাসেল। আবাহনীকে তাই জিততেই হবে। তবে সেটি ডিফেন্ডার সামাদ ও স্ট্রাইকার ফ্রাঙ্ককে ছাড়াই। প্রথমজন চোটের কারণে বাইরে। দ্বিতীয়জন দুই হলুদ কার্ডে কাটা পড়েছেন। ডিফেন্ডার সুজন, ওয়ালি, মিডফিল্ডার প্রাণতোষ চোট কাটিয়ে একটু ভালো, তবে পুরো ফিট নন। অধিনায়ক ওয়ালি বলছিলেন, ‘কার্ড ও ইনজুরির সমস্যা আছে আমাদের। তবু আশা করছি আমরা জিতব এবং স্বাধীনতা কাপের সেমিতে উঠব।’কিন্তু প্রতিপক্ষ শেখ রাসেল বলেই আবাহনীর জন্য এটা বড় পরীক্ষা। এবারের লিগে দুই দলের প্রথম ম্যাচে ১-০ গোলে জিতেছে রাসেল। ফিরতি ম্যাচটা ড্র হয়েছে ১-১। এই ড্রয়েও খানিক ভাগ্যের ছোঁয়া পায় আবাহনী।আজ সেই সুযোগ আবাহনীকে দিতে চায় না রাসেল। অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য বলছেন, ‘আবাহনীর সঙ্গে ড্র করার চিন্তা নিয়ে মাঠে নামার প্রশ্নই আসে না। আমাদের জেতার কথাই ভাবতে হবে।’রাসেল মূলত খেলছে পাসিং ফুটবল। আবাহনী প্রতি-আক্রমণনির্ভর। রাসেলের মাঝমাঠটা এবার খুব ভালো। হাইতিয়ান প্লে-মেকার সনি নর্দে একাই খেলা শেষ করে দিতে পারেন। অন্যদিকে নড়বড়ে ও নতুন একটা রক্ষণ আবাহনীর। ইব্রাহিম, শাখাওয়াত, পলদের নিয়ে গড়া আক্রমণভাগ আকাশি-নীলের বড় শক্তি।বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হবে এই লড়াই।