আবাহনী-শেখ জামাল মর্যাদার লড়াইও
বাংলাদেশ লিগের শিরোপা দৌড়ে টিকে থাকার লড়াই তো বটেই, আজ আবাহনী-শেখ জামাল ম্যাচটা দুই দলের জন্য মর্যাদারও। সদ্য স্বাধীনতা কাপের ব্যর্থতা ভুলে এবং ভুল শুধরে আবার মাঠে নামছে দুই বড় দল।শেখ জামাল বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এ মৌসুমেই। কিন্তু এ পর্যন্ত আবাহনীকে হারাতে পারেননি আমিনুল-এমিলি-এনামুলরা। ফেডারেশন কাপের দ্বিতীয় রাউন্ডে ১-১, ফাইনালে ৫-৩ গোলে আবাহনীর জয়। বাংলাদেশ লিগের প্রথম পর্বে ০-০। আজ সেই বাংলাদেশ লিগেরই দ্বিতীয় পর্ব শুরুর প্রথম দিনে আবাহনীকে সামনে পেয়ে জয়ের কোনো বিকল্প দেখছে না শেখ জামাল। বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শুরু।পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আবাহনী। আট জয়, দুই ড্র ও এক হারে ১১ ম্যাচে পয়েন্ট ২৬। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শেখ জামাল তৃতীয় স্থানে। শীর্ষে থাকা মুক্তিযোদ্ধার পয়েন্ট ২৮। শেখ জামাল আজ হারলে এবং মুক্তিযোদ্ধা প্রথম ম্যাচটা জিতলে দুই দলের ব্যবধান হয়ে যাবে ৭! এর অর্থ, শিরোপার লড়াই থেকে অনেকটা দূরে সরে যাবে শেখ জামাল। আবাহনীর জন্যও একই কথা প্রযোজ্য। তবে জামালের চেয়ে একটু ভালো অবস্থায় আছে আকাশি নীলেরা।ইরান জাতীয় দলের সাবেক মিডফিল্ডার কেভান সেজাদিকে এনেছে আবাহনী। যদিও কাল রাত ১০টা পর্যন্ত তাঁর আন্তর্জাতিক ছাড়পত্র না আসায় আজ মাঠে নামা নিশ্চিত নয়। শেখ জামালের কোচ পাকির আলীর কাছে প্রতিটি ম্যাচই যেন একেকটা ফাইনাল। কাল বুয়েট মাঠে অনুশীলন শেষে অনেকটা নির্মোহ ভঙ্গিতে বললেন, ‘আবাহনী ম্যাচ নিয়ে আলাদা করে কিছু বলব না। আমাদের জন্য সব ম্যাচই ফাইনাল!’