আবাহনীই চ্যাম্পিয়ন বিজয় দিবস হকিতে
বিজয় দিবস হকির ফাইনালে দুই গোলে পিছিয়েও আবাহনী ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। এই টুর্নামেন্ট আবাহনী খেলতে এসেছে পাঁচ বছর পর। আবাহনী ছাড়া আর কোনো ক্লাব দল খেলেনি ছয় দলের বিজয় দিবস টুর্নামেন্টে। জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া আবাহনীই চ্যাম্পিয়ন। ফেডারেশনের দেওয়া পরিসংখ্যান জানাচ্ছে, ২০ বছর পর বিজয় দিবস টুর্নামেন্ট জিতল ধানমন্ডির দলটি।এই সেনাবাহিনীর সঙ্গে আবাহনী গ্রুপ পর্বে ড্র করেছিল (৪-৪)। তবে হাজার চারেক দর্শক উপস্থিতিতে কাল জমাট ফাইনালে ১৯ মিনিটেই সেনাবাহিনী এগিয়ে যায় ২-০ গোলে। ৬ মিনিটে মিলনের ফিল্ড গোল, ১৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে রোকনুজ্জামানের গোল। দুই গোল খেয়ে তেড়েফুঁড়ে আক্রমণে যায় আবাহনী।২৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ২-১ করেন চয়ন। ৪১ মিনিটে ২-২, এবার ফিল্ড গোল হাসান যোবায়েরের। তিন মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে চয়নের কল্যাণে ৩-২। ৫১ মিনিটে কোনাকুনি হিটে বল পোস্টে পাঠিয়েছেন রাসেল মাহমুদ (জিমি)। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় জিমি ম্যাচের পর বললেন, ‘প্রায় এক বছর পর আমি আবারও সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়ে ভালো লাগছে। হকি যেন নিয়মিত মাঠে থাকে এটাই আশা করছি নতুন কমিটির কাছে। আবাহনী কোচ মাহবুব হারুন খুশি, ‘মাত্র তিন দিন অনুশীলন করেছি। ৯ দিনে ম্যাচ খেললাম ছয়টা। ছেলেরা ৪০ শতাংশ দিয়েছে। তার পরও চ্যাম্পিয়ন হওয়ায় আমি খুশি।’