আবাহনীকে আকবরের হুমকি
নিজেদের আরেকটু সামনে এগিয়ে নিতে এবার ইরান থেকে কোচ এনেছিল আবাহনী। এই কোচই জিতিয়েছেন মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ। কিন্তু স্বাধীনতা কাপ আসেনি। যেটি হতে পারত সবচেয়ে গর্বের অর্জন, টানা চতুর্থ বারের মতো সেই বাংলাদেশ লিগ জয়ের সম্ভাবনাও খুবই কম। এ অবস্থায় লিগ শেষ হওয়ার আগেই কাল আবাহনীর সঙ্গে সম্পর্ক চুকিয়ে চলে গেলেন আলী আকবর পোরমুসলিমি। যাওয়ার আগে এই প্রতিবেদককে ইরানি কোচ বলে গেছেন, আবাহনীর বিরুদ্ধে নালিশ করবেন এশিয়ান ফুটবল কনফেডারেশনে (এএফসি)।কাল দুপুরে পোরমুসলিমি জানান, ‘আবাহনী প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। লিগের ফিরতি পর্বে আমি যখন ইরান থেকে ফিরে আসি, তাদের সঙ্গে কথা ছিল শুধু লিগ আর এএফসি প্রেসিডেন্টস কাপ নিয়েই কাজ করব। সে জন্য আমাকে তাদের ২০ হাজার ডলার দেওয়ার কথা। কিন্তু আমাকে মাত্র ১০ হাজার ডলার দেওয়া হয়েছে। আমি একটু আগে টাকার জন্য ক্লাবে গিয়েছি। কিন্তু তারা আমাকে বাকি টাকা দেয়নি।’আবাহনী অবশ্য পোরমুসলিমির অভিযোগ উড়িয়ে দিয়েছে। ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাস বলেছেন, ‘তাঁর কথা মোটেও ঠিক নয়। তাঁর সঙ্গে আমাদের জুলাইয়ের ৩১ তারিখ পর্যন্ত চুক্তি ছিল। সুপার কাপ হলে সেটাও তাঁর শেষ করে দিয়ে যাওয়ার কথা।’ কিন্তু বাংলাদেশ লিগই শেষ হয়নি, তিনটি ম্যাচ বাকি, তাহলে পোরমুসলিমি চলে গেলেন কেন? নিজে বলে গেছেন, ছেলে উচ্চতর শিক্ষার জন্য অস্ট্রেলিয়া যাবেন। ছেলেকে বিদায় জানাতেই একটু আগেভাগে যাওয়া আবাহনীর কোচের।আবাহনী নাকি পোরমুসলিমিকে যাওয়ার সময় আরও ৫ হাজার ডলার দিতে চেয়েছে। সুপার কাপের জন্য যদি আসেন, তাহলে তাঁকে পুরো টাকাই দেওয়া হতো বলে জানিয়েছেন সত্যজিৎ। কিন্তু পোরমুসলিমি যাওয়ার আগে ক্ষুব্ধ কণ্ঠে বলে গেছেন, ‘টাকা লাগবে না আমার। আমি এএফসির কোচিং ইনস্ট্রাক্টর। আবাহনীর বিরুদ্ধে আমি এএফসি এবং প্রয়োজনে ফিফার কাছে অভিযোগ করব।’পোরমুসলিমির নালিশ করার হুমকিতে অবশ্য আবাহনী ভয় পাচ্ছে না বলেই মনে হয়। সত্যজিতের কথা, ‘আমাদের কাছে চুক্তির কাগজপত্র আছে। তাঁর সঙ্গে ই-মেইলে যোগাযোগ হয়েছে, চুক্তি নিয়ে কথা হয়েছে—সব প্রমাণ আমাদের হাতে আছে। অভিযোগ করে কিছু হবে না। আমরা আমাদের দিক থেকে ঠিক আছি। আমরা বরং তাঁকে অনেক সহযোগিতা করেছি। তিনি এখন উল্টো দাবি করলে তো হবে না।’কোচ অথবা খেলোয়াড়দের সঙ্গে আবাহনীর আর্থিক লেনদেন নিয়ে এর আগে কখনো কোনো অভিযোগ ওঠেনি। সেই সুনাম কি এবার অক্ষুণ্ন রাখতে পারবে আবাহনী?