
নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন সৈয়দ নঈমুদ্দিন! ৩ পয়েন্ট না হোক অন্তত একটা পয়েন্ট নিয়ে ফিরতে পারতেন। অথচ ব্রাদার্সের কোচ ফিরলেন খালি হাতে। দু-দুবার ফাঁকা পোস্টে শট নিয়েছেন ব্রাদার্সের রুবেল মিয়া ও আবদুল মালেক। দুবারই গোললাইন সেভ! আবাহনীর ত্রাণকর্তা ওয়ালি ফয়সাল ও মিশু। উল্টো ব্রাদার্সকে মরিসনের একমাত্র গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে শুভ সূচনা হলো আবাহনীর।
এক মৌসুম পর আবারও ঢাকায় ফিরে দুই দলের ডাগ-আউটে দাঁড়িয়েছেন দুই কোচ। ইরানের আলী আকবর পোরমুসলিমি আবারও এসেছেন আবাহনীতে, ভারতের সৈয়দ নঈমুদ্দিন ব্রাদার্সে। দুই বিদেশি কোচের লড়াইয়ে পোরমুসলিমি কাল জিতলেও হাসি ছিল না তাঁর মুখে।
মৌসুম শুরুর টুর্নামেন্ট ফেডারেশন কাপের সেমিফাইনালে শেখ জামালের কাছে হেরে বিদায় নিয়েছিল আবাহনী। লিগের শুরুটাও খুব আশাপ্রদ হলো না তাদের। পুরো ম্যাচে গোটা ছয়েক সুযোগ নষ্ট করেছে ব্রাদার্স। সেই তুলনায় মরিসনের গোলটি বাদ দিলে চোখে পড়ার মতো তেমন ভালো আক্রমণই ছিল না আবাহনীর।
ম্যাচের ১৪ মিনিটে ব্রাদার্সের নাইজেরিয়ান ফরোয়ার্ড কেস্টার একা পেয়েও বল তুলে দেন গোলরক্ষক সোহেলের হাতে। ৩৮ মিনিটে সোহেলের হাত ফসকে বেরিয়ে যাওয়া বল থেকে গোল করতে পারেননি ভিক্টরি অ্যান্টনি। ৪৮ মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গার ডি সুজার ক্রস থেকে মরিসনের ভলিতে এগিয়ে যায় আবাহনী (১-০)। ৭৯ মিনিটে গোল শোধের দারুণ সুযোগ পান ব্রাদার্সের রুবেল মিয়া। ফাঁকা পোস্টে বল মারলেও শেষ মুহূর্তে গোললাইন সেভ, ডিফেন্ডার ওয়ালি ফয়সাল বাঁচিয়ে দেন আবাহনীকে। ম্যাচের যোগ হওয়া সময়ে আরেকবার সুযোগ নষ্ট করে ব্রাদার্স। এবার আবাহনীকে উদ্ধার করেন মিশু। অনূর্ধ্ব-১৯ দলের ফরোয়ার্ড আবদুল মালেকের শট গোললাইন থেকে ক্লিয়ার করেন মিশু।

ভাগ্যের জোরে ৩ পয়েন্ট পেয়েছে আবাহনী। তবে প্রথম ম্যাচ হিসেবে জয়টাকেই বড় করে দেখছেন আলী আকবর পোরমুসলিমি, ‘ছেলেদের খেলায় কোনো সমন্বয় ছিল না। তবে প্রথম ম্যাচ হিসেবে আমি খুশি।’
ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে মিশুও বললেন জয় পেয়েই খুশি তাঁর দল, ‘ফেডারেশন কাপের পর লম্বা বিরতি গেছে। তা ছাড়া নতুন কোচ এসেছেন। উনি যেভাবে খেলাচ্ছেন সেটা বুঝতে একটু সময় লাগছে আমাদের। দিন শেষে ৩ পয়েন্ট পাওয়াটা লিগে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। ভাগ্য আমাদের পক্ষে ছিল।’ ব্রাদার্স কোচ নঈমুদ্দিন পরাজয়ে দুষছেন ভাগ্যকেই, ‘আমাদের দুর্ভাগ্য যে এভাবে হারতে হলো। ছেলেরা গোল করতে গিয়ে খুব বেশি তাড়াহুড়ো করে ফেলেছে। গোল করার চেয়ে হয়তো মাঝমাঠে এসে উদ্যাপন করার দিকেই নজর ছিল ওদের। তবে এখানেই শেষ নয়। লিগে অনেক দূর যেতে হবে। বাজে শুরু লিগে ভালো ফলও এনে দিতে পারে।’