
গ্যালারি গর্জন তোলেনি। মাঝেমধ্যে একটু হালকা আওয়াজ উঠেছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথের সঙ্গে এটা যায় না। কালও প্রথমার্ধে মাঠের উত্তাপ বাক্সবন্দী। তবে শীতের বিকেলে ম্যাচের শেষ কুড়ি মিনিট আবাহনী-মোহামেডান লড়াইয়ের আগুন ফিরিয়ে আনল কিছুটা।
সংবাদমাধ্যমের কাছে তবু এই ম্যাচ আজও ঘরোয়া ফুটবলের সেরা আকর্ষণ। সংবাদ সম্মেলনে তাই একের পর এক প্রশ্ন গেল দুই বিদেশি কোচের দিকে। দুই কোচের চাহনি, চেহারা ভিন্ন। আবাহনীর জয়ের আনন্দের বিপরীতে হতাশার চাদরে ঢাকা মোহামেডান। তারই একপর্যায়ে আকাশি-নীল দলের কোচ আলী আকবর পোরমুসলিমি মুখে চওড়া হাসি। এই যুদ্ধ জয়ের পর অনেকটাই ফুরফুরে ইরানি ভদ্রলোক।
মোহামেডানের দায়িত্ব নিয়ে প্রথম মর্যাদার ম্যাচে হার—পর্তুগিজ কোচ রুই ক্যাপেলার বুকে হয়তো রক্তক্ষরণই হচ্ছিল। এর বাইরেও গুরুত্বপূর্ণ হলো, প্রিমিয়ার লিগে প্রথম চার ম্যাচে দুই হার এক ড্রয়ে ৭ পয়েন্ট ইতিমধ্যে খসে গেছে সাদা-কালো দলের। সমান ম্যাচে ২ পয়েন্ট হারানো আবাহনী ভালোভাবেই রয়েছে শিরোপা পুনরুদ্ধারের রাস্তায়। লিগ শুরু হতে না-হতেই দুই প্রধান ভিন্ন মেরুতে!
ওসেই মরিসনের তা দেখে খুশিই হওয়ার কথা। আবাহনীতে এসে কাল সেই মোহামেডানের বিপক্ষেই তাঁর জয়সূচক গোল। মোহামেডানকে উপযুক্ত জবাব দিলেন কি? সংবাদ সম্মেলনে ঘানাইয়ান স্ট্রাইকারের সরাসরি জবাব, ‘ও ইয়েস, অফকোর্স।’
পাশে বসে কোচ আলী আকবরের হাসিটা আরও বাড়ল মরিসনের কথা শুনে। মরিসনকে অন্যতম অস্ত্র হিসেবে রেখে আবাহনীকে খেলাচ্ছেন ৪-৩-৩ ছকে। তৃতীয় ম্যাচে জামালকে মাঝমাঠে এনে ভালো ফল পেয়েছেন। তাই মরিসনের সঙ্গে ইব্রাহিমকে রেখে স্ট্রাইকার হিসেবে কালও জুড়ে দিয়েছেন তৌহিদকে। এই ত্রয়ীর আক্রমণের চাপে খেই হারিয়ে মোহামেডানের ডিফেন্ডার মিন্টু শেখ করলেন বড় এক ভুল। বক্সে ফেলা ইব্রাহিমের বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করে জমা দিলেন মরিসনের পায়ে। আলতো টোকায় ১৭ মিনিটে মরিসনের পায়ে ম্যাচের একমাত্র গোল। মরিসন এবং আবাহনীকে যেন গোলটা উপহার দিয়েছে মোহামেডান!
আবাহনী গোল পেতে পারত আরও। ৮৭ মিনিটে বক্সে মরিসনকে ফেলে দেন মোহামেডান ডিফেন্ডার নাহিদ। ক্যামেরুনিয়ান মিডফিল্ডার ইয়োকোর দুর্বল পেনাল্টি কিক মোহামডান গোলরক্ষক মামুন খান আটকান সহজেই। শেষ মিনিটে গোলরক্ষককে কাটিয়েও তালগোল পাকিয়ে ব্যবধান বাড়াতে পারেননি মরিসন। তাঁর একটা হেড মোহামেডানের জালে গেলে অফসাইডের ঝান্ডায় গোল দেওয়া হয়নি। আবাহনী কোচ এ নিয়ে বেশ ক্ষুব্ধ, ‘ওটা পরিষ্কার গোল। কোনোভাবেই অফসাইড নয়। রেফারির কিছু ভুল সিদ্ধান্ত মোহামেডানকে সাহায্য করেছে।’
আবাহনী কোচ জিতেও রেফারিং নিয়ে অসন্তুষ্ট। মোহামেডান কোচের এ নিয়ে কোনো বক্তব্য নেই। দ্বিতীয়ার্ধে প্রাধান্য নিয়ে খেলেও লক্ষ্যভেদে যে ক্যাপেলার দল ব্যর্থ। বড় তারকারা হতাশ করেছেন সমর্থকদের। ক্যাপেলার ৪-৩-৩ ছকে আক্রমণে যতটা দ্রুত উঠতে পেরেছে, রক্ষণকাজটা সেভাবে করতে পারেনি মোহামেডান। সাইফুল বারীর অধীনে মোহামেডান খেলত ৪-৩-২-১-এ। ক্যাপেলার নতুন ছকের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে, সংবাদ সম্মেলনে বলে গেলেন মোহামেডান ডিফেন্ডার হেমন্ত ভিনসেন্ট।
দ্বিতীয়ার্ধে আবাহনীর পাল্টা-আক্রমণের ধাক্কা সামাল দিতে মোহামেডানের হিমশিম খাওয়াও দলটার দুর্বলতা। ক্যাপেলার চোখে এটিই মোহামেডানের হারের বড় কারণ, ‘আমরা ভালো খেলেছি। কিন্তু রক্ষণে সমস্যা থাকায় পয়েন্ট পেলাম না।’
সাত দিনে তিন ম্যাচ—মোহামেডানকে একটু ক্লান্তও দেখাল। মাঝমাঠ এবং আক্রমণের মধ্যে সেতুবন্ধ হয়নি ঠিকভাবে। বিশেষ করে প্রথমার্ধের মোহামেডানকে নিষপ্রভই দেখাল অনেকটা। মৌসুমে আবাহনীর কাছে টানা দ্বিতীয় হার সেটিরই ফল!
আবাহনী: সোহেল, সুজন, সামাদ, ওয়ালি, মিশু, শাহেদ, তৌহিদ, জামাল (প্রাণতোষ), ইয়েকো, ইব্রাহিম (শরিফুল), মরিসন।
মোহামেডান: মামুন খান, মিন্টু শেখ, হেমন্ত (তপু), নাহিদ, অরূপ (আলম নবী), বাইবেক, ডেমিয়েন, মোস্তফা (সবুজ), জাহিদ, এমিলি, ওয়াহেদ।