আবাহনীকে জেতালেন সিলভা, জামালকে ওতোজেরেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষে পরের ম্যাচটা দেখার জন্য মাঠে থেকে গেলেন আবাহনীর কোচ আরদেশির পোরনেমাত। সংবাদ সম্মেলন থেকে উঠেই বললেন, ‘মানিকের টিমের ম্যাচটা দেখতে হবে।’মানিক মানে শফিকুল ইসলামের মুক্তিযোদ্ধা অবশ্য দিনের দ্বিতীয় ম্যাচটা শেখ জামালের কাছে হেরেছে ১-০ গোলে। তার আগে আবাহনী ২-০ গোলে হারিয়েছে ব্রাদার্সকে। টানা তিন জয়ে আবাহনীর ইরানি কোচকে বেশ ফুরফুরে এবং আত্মবিশ্বাসী দেখাল। একইভাবে শেখ জামালও জিতল টানা তিন ম্যাচ। কোচ জোসেফ আপুসিও খোশমেজাজে বেরোলেন কালকের বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে। কিন্তু মন খারাপ ছিল ব্রাদার্স কোচ লাডিবাবা লোলার। টানা তিন ম্যাচে হার, তাঁর দলের বাংলাদেশ লিগ অভিযান চলছে দুঃস্বপ্নের মতো। এ জন্য কাল নিজেদেরই শুধু দুষতে পারে ব্রাদার্স। আবাহনীর বিপক্ষে পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি। ১১ মিনিটে ফ্যাবিওর নেওয়া দুর্বল স্পটকিক আটকে দেন আবাহনী গোলরক্ষক সোহেল। প্রথমার্ধে আবাহনীকে চেনা যায়নি। নতুন কোচের নতুন ভাবনার দেখা মেলেনি। তবে দ্বিতীয়ার্ধে আবাহনী গুছিয়ে খেলেছে। মাঝমাঠ সক্রিয় ছিল। উইং কার্যকর হয়ে ওঠে। কার্যকর ভূমিকায় দেখা দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার সিলভা।পলকে বসিয়ে রেখে পোরনেমাত সিলভার ওপর আস্থা রেখেছেন এই বিশ্বাস নিয়ে যে সিলভা সুযোগ কাজে লাগাতে পারবেন। প্রতিদানে কালকের দুটি গোলই সিলভার। প্রথমটি ৪৭ মিনিটে আতিকুরের ক্রসে সিলভার হেডে লক্ষ্যভেদ। দ্বিতীয় গোলটি ৬১ মিনিটে, একক প্রচেষ্টায়। আগুয়ান গোলরক্ষককে ফাঁকি দিয়ে আলতো টোকায় বল ঠেলেন জালে। পোরনেমাত ম্যাচের পর বললেন, ‘আস্তে আস্তে দল আরও ভালো খেলবে। সমস্যাগুলো নিয়ে আমি কাজ করছি। ছেলেরা আমার ট্যাকটিকস আত্মস্থ করছে, তবে একটু সময় লাগছে!’ওদিকে শেখ জামালকে এদিন জেতালেন নাইজেরিয়ান স্ট্রাইকার মাইক ওতোজেরেরি। ৭৯ মিনিটে এল এই গোল। প্রথম দুই ম্যাচ জেতা মুক্তিযোদ্ধা শেষ পর্যন্ত পারল না অপেক্ষাকৃত শক্তিশালী প্রতিপক্ষের চাপের মুখে।বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ আজ থেকে বিরতি। অনূর্ধ্ব-২৩ দল শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছে আজ। দল ১০ নভেম্বর ফেরার পর লিগ আবার শুরু হবে।