আবাহনীকে ধরতে চায় মোহামেডান

আজ আবাহনী–মোহামেডান লড়াইছবি: শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দলের লড়াইয়ে আগের সেই উত্তাপ নেই অনেক দিন। তবু আবাহনী-মোহামেডান ম্যাচ নীরবে দুয়ারে এসে দাঁড়ায়। আজ বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে যেমন আবার মুখোমুখি এককালের দুই প্রবল প্রতিপক্ষ।

প্রিমিয়ার ফুটবল লিগের ফিরতি পর্বে দুই দলের এই লড়াই শিরোপা নির্ধারণে অবশ্য কোনো প্রভাব ফেলবে না। শিরোপার পথে অনেকটাই এগিয়ে বসুন্ধরা কিংস। বড় কোনো অঘটন না হলে বসুন্ধরাই সম্ভাব্য চ্যাম্পিয়ন। তবে রানার্সআপ হওয়ার অলিখিত লড়াই চলছে আবাহনী লিমিটেড ও শেখ জামালের মধ্যে। সর্বশেষ টানা ৩ ম্যাচই জিতে এক লাফে অনেকটা ওপরে উঠে আসা মোহামেডানও এখন রানার্সআপ হওয়ার স্বপ্ন দেখছে। আবাহনী ও শেখ জামালের সঙ্গে ব্যবধান কমিয়ে এখন মাত্র ৪ পয়েন্ট দূরে দাঁড়িয়ে মতিঝিল ক্লাবপাড়ার দলটি।

মোহামেডান লিগে রানার্সআপ হওয়ার স্বপ্ন দেখছে।
ছবি: বাফুফে

১৫ ম্যাচে ২৮ পয়েন্ট মোহামেডানের। আবাহনী ও শেখ জামালের ৩২। আজ জিতলে আবাহনীকে অনেকটা ধরে ফেলবে সাদাকালোরা। চলতি লিগে কুমিল্লায় দুই দলের প্রথম লেগে স্কোরলাইন ছিল ২-২। গত লিগে দুই দলই জেতে একটি করে ম্যাচ। এক ম্যাচে আবাহনী করেছে ৩ গোল, আরেক ম্যাচে মোহামেডান ৪ গোল। অতীত আকর্ষণ না থাকলেও এখনো আবাহনী-মোহামেডান মাঠের লড়াইটা ভালোই হচ্ছে।

মোহামেডানের জন্য সুখবর, করোনায় আক্রান্ত ১১ খেলোয়াড়ই নেগেটিভ হয়েছেন। কোচ শন লেনও করোনামুক্ত। নতুন উদ্যমে আজ জয়ের লক্ষ্যেই ঝাঁপাতে চান লেন, ‘আমাদের কয়েকজন খেলোয়াড় শারীরিকভাবে দুর্বল। কিন্তু কিছু করার নেই। আমাদের জয়ের জন্যই খেলতে হবে। মাঠে যদিও সমর্থকেরা থাকতে পারবে না, তবে সমর্থকদের জন্যই আমরা ম্যাচটা জিততে চাইব।’ জয়-পরাজয় ছাপিয়ে আবাহনী মোহামেডান ম্যাচটা মর্যাদার। সেটি মাথায় রাখছেন আবাহনী কোচ মারিও লেমোস, ‘মোহামেডানের বিপক্ষে সব সময়ই জিততে চাই আমরা। জয় ছাড়া আর কিছুই ভাবছি না।’

জয় ছাড়া কিছুই ভাবছে না আবাহনী
ছবি: এম এ সাদেক

কিন্তু আবাহনীর সময়টা ভালো যাচ্ছে না। চোটের কারণে অধিনায়ক নাবীব নেওয়াজ ছিটকে গেছেন আগেই। ভারপ্রাপ্ত অধিনায়ক সোহেল রানা এবং সাদ উদ্দিনেরও চোট। ফলে ক্ষয়িষ্ণু একটা দল নিয়েই নামবেন ভরপ্রাপ্ত অধিনায়ক ও ডিফেন্ডার রায়হান হাসান।

আকাশি-নীলের লক্ষ্য একটাই, মোহামেডানকে হারানো। এ মৌসুমেও ফেডারেশন কাপ জেতা যায়নি। লিগ শিরোপা পুনরুদ্ধারের আশাও প্রায় নেই। সব হারিয়ে মোহামেডানের সঙ্গে জয় হয়তো খানিক সান্ত্বনা দেবে খেলোয়াড়দের। আবাহনীর মিডফিল্ডার প্রাণতোষ কুমার সে কথাই বললেন, ‘লিগে রানার্সআপ হওয়ার কথা বাদ দিন। আবাহনী-মোহামেডান ম্যাচ এখনো বাড়তি আগ্রহ তৈরি করে খেলোয়াড়দের মধ্যে। সব হারালেও এই ম্যাচটা আমরা জিততে চাই মানসিক স্বস্তির জন্য। এক মাস ধরে এই ম্যাচের জন্যই প্রস্তুতি নিচ্ছি।’

আবাহনী-মোহামেডান আজকের ম্যাচ শেষে আগামীকাল থেকে প্রিমিয়ার লিগের ম্যাচ চলবে কি না, এখনো অনিশ্চিত। সরকারি মহলে চিঠি চালাচালি করে লকডাউনের মধ্যেও লিগ চালিয়ে নেওয়ার চেষ্টা করছে বাফুফে।