আবাহনীকে নির্ভরতা দিলেন রনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাহনীর কোচ আলী আকবর পোরমুসলিমি চুপচাপ টাইপের মানুষ। এত আস্তে কথা বলেন যে নিজেই অনেক সময় শুনতে পান কি না সন্দেহ! চোখে-মুখে চিন্তার রেখাই দেখা যাচ্ছিল এত দিন। তবে কালকের ম্যাচটা ওসবের অনেকটাই সরিয়ে দিয়েছে। জয়ের সঙ্গে দুটি ভালো খবর নিয়ে এদিন কমলাপুর স্টেডিয়াম থেকে বেরিয়েছেন ইরানি ভদ্রলোক।প্রথমত, রহমতগঞ্জের বিপক্ষে ৪-৩-৩ আক্রমণাত্মক ছক সাজিয়ে ষোলআনা ফল তুলেছেন দ্বিতীয়ার্ধে। তিন স্ট্রাইকারই গোল করেছেন এ অর্ধে—নবাগত সাখাওয়াত রনি দুটি, ফ্রাঙ্ক ও ইব্রাহিম একটি করে। তবে ৪-১ জয়ের বড় দিক, টানা দুই ম্যাচে প্রথম একাদশে খেলার সুযোগ পেয়ে অখ্যাত রনি কোচকে নির্ভরতা দিয়েছেন তিন গোল করে। গত বছর চট্টগ্রাম আবাহনীর হয়ে চট্টগ্রামের তরুণ গোল করেছিলেন ১০টি।দ্বিতীয়ত, গত মৌসুমে শুধু ফেডারেশন কাপে একটি ম্যাচ খেলা স্ট্রাইকার রবিন এদিনই মৌসুমে প্রথম মাঠে নেমেছেন শেষ দিকে বদলি হিসেবে। রনির আগমনী বার্তার সঙ্গে রবিনের ফিরে আসা—আবাহনী কোচের জন্য এর চেয়ে ভালো খবরটা হতে পারত জয়।সেটি পেয়ে পাঁচ ম্যাচে আবাহনীর পয়েন্ট হলো ১০। চার ম্যাচে শেখ রাসেলের ১০, মোহামেডানের ৯, শেখ জামালের ৫, ব্রাদার্সের ৪। ফরাশগঞ্জের কাছে হারের ধাক্কা সামলে টানা দুই জয় পেশাদার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়নদের তুলে এনেছে ‘মহাসড়কে’।এতে অবদান রাখতে পেরে খুশি এ মৌসুমে মুক্তিযোদ্ধায় খেলা মিডফিল্ডার আরমান আজিজের পাশের বাড়ির ছেলে রনি। গতি এবং আত্মবিশ্বাস তাঁর সম্পদ। ‘একাদশে খেলার সুযোগ পেলে কাজে লাগানোর স্বপ্ন ছিল আমার। সেটা অনেকটা পেরেছি। আশা করি, সামনে আরও গোল পাব’—ম্যাচের পর বলছিলেন রনি। কাল ৭৩ ও ৭৮ মিনিটে তাঁর করা গোল দুটিতে ভবিষ্যতের এক নির্ভরযোগ্য স্ট্রাইকারের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। বক্সের অনেক বাইরে থেকে এককভাবে ঢুকে দারুণ শটে প্রথম গোল। সিরাজীর ক্রসে দর্শনীয় হেডে দ্বিতীয় গোল। ২-১ স্কোরলাইন শেষ দিকে হলো ৪-১। খুশি আবাহনী কোচের কণ্ঠে আনন্দ ঝরে পড়ল, ‘রনিকে পরীক্ষা করছিলাম। এখন তার ওপর ভরসা রাখতে পারব বলে মনে হচ্ছে।’রনির ঔজ্জ্বল্যের পাশে ফ্রাঙ্কও কম যাননি। বক্সে বুক দিয়ে বল নামিয়ে দেখার মতো ভলিতে লক্ষ্যভেদ করেছেন। ৫২ মিনিটের এই গোলই ম্যাচের প্রথম এবং এটিই আবাহনীকে জয়ের পথ দেখিয়েছে। খানিক বাদেই ইব্রাহিমের ক্রস রহমতগঞ্জ গোলরক্ষকের অমনোযোগিতার সুযোগে অপ্রত্যাশিতভাবে ঢুকে যায় জালে! এরপর রহমতগঞ্জের পলের শট সামাদের পায়ে লেগে দিক বদলে ঢোকে আবাহনীর জালে (২-১)।প্রশংসা পেতে পারেন আবাহনীর আনকোরা তরুণ গোলরক্ষক সোহেল। প্রথমার্ধে দুটি অসাধারণ সেভ করে দলকে জয়ের পথে নিয়ে যাওয়ার কৃতিত্ব তাঁরও।আবাহনী: সোহেল, সিরাজী, মামুন মিয়া, সামাদ, আমিনু, অরুপ (লিংকন), প্রাণতোষ (চৌমিন), উজ্জ্বল, ইব্রাহিম (রবিন), ফ্রাঙ্ক, রনি।রহমতগঞ্জ: হিমেল (ইরান), জাহাঙ্গীর, রিমন, ডুম্বা, শিমুল, ইমন (জুয়েল), ইদ্রিস, ফেলিক্স, জামাল, প্রশান্ত, পল।